খেলোয়াড়দের কৃতিত্ব দিলেন সিমিওনি
প্রকাশ : ০২ মে ২০১৪, ২১:২২
অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার দিয়েগো কস্তা জানিয়েছেন তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার জন্য সম্ভাব্য সব কিছু করেছেন। অপরদিকে দলটির কোচ এ জয়ের জন্য কৃতিত্ব দিয়েছেন খেলোয়াড়দের। তবে পরাস্ত কোচ হোসে মরিনহো মনে করেন বিরতির পর এক মিনিটেই সব কিছু বদলে যায়।
এক গোলে পিছিয়ে পড়েও অ্যাটলেটিকো গত বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালের ফিরতি লেগে চেলসিকে ৩-১ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে যায়। প্রথম লেগটি গোলশূন্য থাকার পর অ্যাটলেটিকোর সাবেক স্ট্রাইকার ফার্নান্দো টোরেস ৩৬ মিনিটে স্ট্যামফোর্ড ব্রীজে চেলসিকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু আট মিনিটের মধ্যেই আদ্রিয়ান লোপেজ সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে দিয়েগো কস্তার পেনাল্টি এবং আরদা তুরিনের গোলে ১৯৭৪ সালের পর আবার ইউরোপীয়ান কাপের ফাইনালে জায়গা করে নেয় অ্যাটলেটিকো। দিয়েগো কস্তা এ জয়ের ব্যাপারে বলেন, ‘ফাইনালে যাবার জন্য আমরা সম্ভাব্য সবকিছুই করেছি। এই জয়টা আমাদের প্রাপ্য ছিল। পুরো দল দুর্দান্ত খেলেছে। দল ছিল শান্ত। টোরেস একটা গোল করে ফেলেছি। কিন্তু আমরা জানতাম আমাদের একটা গোল মানে তা হতো দ্বিগুণ। দলটা দারুণ খেলেছে’।
ব্রাজিলে জন্ম নেয়া এবং পরবর্তীতে স্পেনকে জাতীয় দল হিসেবে বেছে নেয়া কস্তা কোচ দিয়েগো সিমিওনিরও প্রশংসা করেন। তিনি বলেন, ‘এই ভদ্রলোকটাই সবসময়ের মতো প্রয়োজনের মুহূর্তে চূড়ান্ত নির্দেশনা দেন।’
চেলসিকে হারানোর পর উচ্ছসিত সিমিওনি বলেন, ‘খুশী কারণ আমরা দারুণ খেলেছি। আমাদেরকে অবশ্য খেলার ফল বের করতে কঠিন পরিশ্রম করতে হয়েছিল। সবার সম্মিলিত চেষ্টাতেই এই ফল আসে। বিশেষ করে যখন সবাই অভিন্ন লক্ষ্যে লড়াই করে। এ কারণেই এমন দারুণ একটা ফাইনালে পৌঁছানো গেছে।’ তিনি স্বীকার করেন তার দল প্রথমার্ধে হিমশিম খেয়েছিল। এর ব্যাখ্যায় তিনি বলেন, ‘সৌভাগ্যবশত বিপক্ষ প্রথমে গোল পেয়ে গিয়েছিল। আমরাও দ্রুত সমতা ফেরাই। দ্বিতীয় গোলটির পর আমরা মাঝমাঠে পাঁচজনকে খেলাই এবং বলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। তারপরই খেলাটি আমাদের হতে শুরু করে। এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ।’
চেলসি কোচ হোসে মরিনহোর দুর্ভাগ্য এ নিয়ে চার মৌসুম তাকে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো। মরিনহো জানান, দ্বিতীয়ার্ধে এক মিনিটেই সবকিছু নির্ধারিত হয়ে যায়। জন টেরির দুর্দান্ত হেডটি অ্যাটলেটিকো গোলরক্ষক অসম্ভব দক্ষতায় রক্ষা করে এবং এরপরই পেনাল্টি থেকে গোল দিয়ে এগিয়ে যায় সফরকারীরা। আর তখনই মূলত ম্যাচটি তাদের হাতছাড়া হয়ে যায়। মরিনহো বলেন, ‘এই জয়ে তাদের ধন্যবাদ জানাতে চাই। কারণ তারা দারুণ একটি দল। স্প্যানিশ লিগেও তারা যা করছে তা সত্যিই অসাধারণ।’
গত রবিবার লিভারপুলের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে ২-০ গোলের জয়ে চেলসির অতিরিক্ত রক্ষণাত্মক কৌশল কাজ দেয়। কিন্তু স্পানিশ দলটির বিরুদ্ধে একই ধারা বজায় রেখে মরিনহোর অতি রক্ষণাত্মক কৌশল বিপরীত ফল বয়ে আনে।