মৌসুম শেষেই সিদ্ধান্ত নেবেন গিগস
প্রকাশ : ০২ মে ২০১৪, ২১:২৩
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসাবে দায়িত্ব চালিয়ে যাবেন কি-না, সেটা চলতি মৌসুম শেষেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন রায়ান গিগস। ক্লাবের কোচ হিসাবে নিজের প্রথম ম্যাচে নরউইচ সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দেয়া গিগস আজ সান্দারল্যান্ডের বিরুদ্ধে নামছেন তার দ্বিতীয় ম্যাচে।
কোচ হিসাবে গিগসকেই রাখা হবে নাকি বিশ্বকাপ শেষে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়া লুইস ফন গালকে দেয়া হবে রেড ডেভিলদের দায়িত্ব, এই আলোচনায় গত কয়েক দিন ধরেই মুখর ব্রিটিশ গণমাধ্যম। তবে খেলোয়াড় হিসাবে দীর্ঘদিন দলের সেবা করার পর এবার কোচের দায়িত্ব নেয়া গিগস জানিয়েছেন এই আলোচনায় একদমই মাথা ঘামাচ্ছেন না তিনি। আপাতত তার দৃষ্টিতে কেবল মৌসুমের শেষ দুই ম্যাচ, ‘কোনো কিছুই পাল্টায়নি। আমার কাজ হচ্ছে এই মৌসুমের শেষ পর্যন্ত। এ নিয়ে মৌসুম শেষেই আমরা কথা বলবো। এই মুহূর্তে সান্দারল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ এবং তার পরের দুটি ম্যাচ নিয়ে ভাবছি আমরা। আমার অনেক কিছু ভাববার আছে। খেলোয়াড় হিসাবে ভবিষ্যতের কথাও আমার চিন্তা করতে হবে। তবে আপাতত কেবল মৌসুম শেষ করা নিয়েই ভাবতে চাই।’
এদিকে, ওল্ড ট্রাফোর্ডে নিজের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ হিসাবে গিগস আজ পাচ্ছেন অবনমন এড়াতে লড়তে থাকা সান্দারল্যান্ডকে। কুচকিতে টান লাগায় গত বৃহস্পতিবার আগে-ভাগেই অনুশীলন মাঠ ছাড়া ওয়েইন রুনিকে নিয়ে আশাবাদই ঝরলো গিগসের কণ্ঠে, ‘কয়েকজনের অল্প কিছু সমস্যা আছে। আন্দ্রেস লিন্ডেগার্ড, ওয়েইন রুনিরা তাদের মধ্যে আছে। আপনাকে এই ছোট সমস্যাগুলো নিয়ে সাবধান থাকতে হবে। তবে ওয়েইন খেলতে চায়। আগামী ২৪ ঘণ্টা তাকে সতর্কভাবে লক্ষ্য রাখা হবে। ’