হেপাটাইটিসে আক্রান্ত মুশফিক

কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু গত বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষা করাতে গেলে ডাক্তাররা মুশফিককে হাসপাতালে ভর্তি হতে বলেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর মোটামুটি নিশ্চিত হওয়া গেছে হেপাটাইটিস ভাইরাসে ভুগছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সেই থেকেই হচ্ছে জ্বর। যদিও মুশফিকের শারীরিক সমস্যা খুব গুরুতর নয় বলেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী, ‘মুশফিকের কিছুটা জ্বর জ্বর ভাব ছিল। গতকাল অ্যাপোলো হাসপাতালে যাওয়ার পর প্রাথমিক পরীক্ষা করে দেখা গেছে ওর ভাইরাল হেপাটাইটিসের সমস্যা দেখা দিয়েছে। এটা এক ধরনের লিভারের প্রদাহ। এর থেকে জ্বরটা হয়েছে বলে মনে হচ্ছে। পরে হাসপাতালের চিকিত্সকদের পরামর্শে ও সেখানেই ভর্তি হয়েছে। তবে এটা গুরুতর কিছু নয়। আশা করি দ্রুতই ও সুস্থ হয়ে উঠবে।’ হাসপাতালে ভর্তি হলেও দ্রুতই মুশফিকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে তিনি জানালেন, ‘আজকে ও অনেক ভালো আছে। জ্বরটাও সেভাবে নেই। তবে এ ধরনের অসুস্থতার ফলে শারীরিক দুর্বলতা দেখা দেয়। এই দুর্বলতা কাটিয়ে উঠতে বেশ কিছু দিন সময় লাগবে।’ পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে মুশফিকের কত দিন সময় লাগতে পারে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই প্রসঙ্গে ডাক্তার দেবাশীষ বলেন, ‘আসলে আজ রাতে বা কাল সকালে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট আসার কথা। সেগুলো দেখলেই বোঝা যাবে ওর পুরো সুস্থ হতে কত দিন সময় লাগতে পারে।’