নতুন কোচের সন্ধানে বিসিবি

কোচ শেন জার্গেনসেনের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল সোমবার। গতকাল শনিবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে অধিনায়ক মুশফিকুর রহিমকে দেখতে গিয়ে গণমাধ্যমকে এমনটাই জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে, জাতীয় দলের দায়িত্বে জার্গেনসেনকে বহাল রাখার তেমন কোন সম্ভাবনা নেই বলে একরকম জানিয়েই দিয়েছেন বোর্ড সভাপতি। তার কথাবার্তায় বোঝা গেল নতুন কোচ নিয়োগের দিকেই হাঁটছে বিসিবি। আগামী মাসে বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসবে ভারত। ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত জার্গেনসেনের মেয়াদ থাকলেও গত সপ্তাহে বিসিবিকে দেয়া এক মেইল বার্তায় তিনি এই সিরিজ দিয়েই বাংলাদেশ দলের কোচের পদটি ছাড়ার ইচ্ছার কথা জানান। গতকালই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা থাকলেও বিসিবি প্রধান জানালেন এ সিদ্ধান্ত হবে আগামীকাল। তিনি বলেন, ‘কোচের বিষয়ে সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে। বোর্ডের সকল পরিচালকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এখন কিছু বলতে চাচ্ছি না।’ তবে, সেই সিদ্ধান্ত কি হতে যাচ্ছে সেটা বোর্ড সভাপতিই কিছুটা আভাস দিয়ে দিলেন। বোর্ড পরিচালকদের সাথে আলাপ করেই নতুন কোচের সন্ধানে নামবে বাংলাদেশ, ‘কেউ যদি চলেই যেতে চায়, তাকে ধরে রাখার কোনো কারণ নেই। কারণ সে এখানে আর তার শতভাগ দিতে পারবে না। আমরা বোর্ড-সভায় বসব। তাকেই রাখব, নাকি বিকল্প খুঁজব; এই বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে এটা নিশ্চিত যে, আমরা নতুন কোচ খুঁজছি।’ স্টুয়ার্ট ল দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ২০১২ সালের মে’তে দায়িত্ব নেন জার্গেনসেন। পরে জুনে রিচার্ড পাইবাস দায়িত্ব নিলে বোলিং কোচের দায়িত্বে ফিরে যান তিনি। অক্টোবরে পাইবাসের বিদায়ের পর আবার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ফেরেন জার্গেনসেন। এরপর ২০১৩ সালের ফেব্রুয়ারিতে জার্গেনসেনকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রধান কোচ ঘোষণা করে বিসিবি। পরে জুলাইয়ে ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাকে দায়িত্ব দেয়া হয়। আগামী বছরের বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের হাতে সময় অনেক কম। আর এই অল্প সময়ের মধ্যে ভাল মানের বিদেশি কোচ খুঁজে বের করাও বেশ শক্ত কাজ। এই অবস্থায় প্রয়োজনে দেশি কোচের উপরও ভরসা রাখতে পারে বিসিবি। বোর্ড সভাপতি এই প্রসঙ্গে বলেন, ‘জার্গেনসেনের বিকল্প হিসেবে ভাল মানের বিদেশি কোচ পাওয়া না গেলে আমরা স্থানীয় কাউকে দায়িত্ব দিয়ে দেখতে পারি। আগে অবশ্যই আমরা বিদেশি কোচ পাওয়ার চেষ্টা করবো। সেটা না হলে দেশেরই কাউকে দায়িত্ব দেয়া হবে। একটা ব্যাপার নিশ্চিত যে, সে ক্ষেত্রেও পারফরম্যান্স সামপ্রতিক সময়ের মত এতটা বাজে হবে না।’