গুচের পরিবর্তে থর্প?
প্রকাশ : ০৩ মে ২০১৪, ২২:০৫
জাতীয় দলের ব্যাটিং কোচ পদে গ্রাহাম গুচের পরিবর্তে সাবেক ইংলিশ ক্রিকেটার গ্রাহাম থর্প সবার চেয়ে এগিয়ে রয়েছেন বলে স্বীকার করেছেন ইংল্যান্ড টেস্ট ও ওয়ানডে অধিনায়ক অ্যালিস্টার কুক। ইংল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষ দলীয় সংস্কৃতির পরিবর্তন ও দল পুনর্গঠনের মাধ্যমে নতুন যুগের শুরু করতে নতুন প্রধান কোচ পিটার মুরসকে দায়িত্ব দিয়েছে বলে জানা গেছে। সেক্ষেত্রে সর্বশেষ অ্যাশেজ সিরিজে অপমানজনক হারের পর ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেয়া গুচের পরিবর্তে থর্পের পথে হাঁটতে পারে। গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত রিপোর্টে বলা হয়-টেস্ট খেলার অভিজ্ঞতাটা নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেতে একটা বাড়তি সুবিধা হিসেবে বিবেচিত হবে বলে ইঙ্গিত দেন কুক। আর সে ক্ষেত্রে ইংল্যান্ডের হয়ে ১০০ টেস্ট খেলা থর্পই এগিয়ে আছেন। কুক বলেন, ব্যাটিং কোচ হিসেবে থর্প অবশ্যই প্রথম পছন্দ। তিনি আরো বলেন, সাবেক এ ব্যাটসম্যান এখনো ওয়ানডে ব্যাটিং কোচ এবং আগামী সপ্তাহে তাদের সঙ্গে স্কটল্যান্ড যেতে পারেন।