কৌশল পাল্টাচ্ছেন
না মরিনহো
প্রকাশ : ০৩ মে ২০১৪, ২২:০৫
অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে সমালোচনার মুখে পড়লেও আজ নরউইচ সিটির বিরুদ্ধেও নিজের পুরনো কৌশলেই আস্থা রাখছেন বলে জানিয়েছেন হোসে মরিনহো। পাশাপাশি এই রক্ষণাত্মক কৌশলই চেলসিকে সাফল্য এনে দেবে বলে আত্মবিশ্বাসও ব্যক্ত করেছেন চেলসি কোচ। এদিকে প্রিমিয়ার লিগে রাতের অন্য ম্যাচে আর্সেনাল মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ব্রমের। এমিরেটস স্টেডিয়ামে এই ম্যাচ জিতলেই টানা ১৭তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করবে আর্সেন ওয়েঙ্গারের দল।
গত জুনে স্ট্যামফোর্ড ব্রিজে নিজের দ্বিতীয় মেয়াদে আসার পর দারুণ এক আক্রমণভাগই পেয়েছিলেন মরিনহো। ইডেন হ্যাজার্ড, অস্কার, হুয়ান মাতার পাশাপাশি পরে সেখানে যুক্ত হন স্যামুয়েল ইতো, ফার্নান্দো তোরেস, আন্দ্রে স্কুরেলরাও। আর তাদের স্থান দিতে ৪-২-৩-১ ফরমেশনেই মৌসুম শুরু করেন মরিনহো। তবে, মৌসুমের মাঝামাঝি বাসেল, নিউক্যাসল ইউনাইটেড আর স্টোক সিটির মতো ছোট ক্লাবগুলোর কাছে হেরে নিজের পুরনো ৪-৩-৩ কৌশলে ফেরেন এই পর্তুগীজ। তাত্ক্ষণিক সাফল্যে তখন কিছু না বললেও অ্যাটলেটিকোর বিরুদ্ধে হারের পর মরিনহোর এই কৌশল নিয়ে আবারো সরব হয়েছেন সমালোচকরা।
তবে সমালোচকদের এমন কথা উড়িয়ে দিয়ে নিজের কৌশলের পক্ষেই শক্ত অবস্থান নিয়েছেন দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাধারি এই কোচ, ‘আমার মনে হয় মৌসুমের একটা নির্দিষ্ট সময়ে আমি কি করেছি সেটা আমি সচেতনভাবেই করেছি। আমি ইচ্ছা করেই কৌশল বদলানো বন্ধ করেছি এবং এমন একটা কৌশল বেছে নিয়েছি যা খেলোয়াড়দের কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে সাহায্য করে।’
এই কৌশলে না খেললে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও পৌঁছানো যেতো না দাবী করে স্বঘোষিত স্পেশাল ওয়ান বলেন, ‘আমার মনে হয় যদি কৌশল না বদলাতাম তাহলে চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত আমাদের আসা হতো না। আমার দল এখন অনেকটাই কৌশলমুখী।’
এদিকে, নরউইচের বিরুদ্ধে আজকের ম্যাচে অ্যাটলেটিকোর কাছে ঐ হারের কোন প্রভাব থাকবে না বলেই মনে করছেন তিনি, ‘এটাই জীবন আসলে। আমার মনে হয় তারা (খেলোয়াড়রা) যেভাবে ফিরে আসা প্রয়োজন সেভাবেই ফিরে এসেছে। তবে এটাও তাদের মাথায় আছে, চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে তারা তাদের সাধ্যের সবটুকুই উজাড় করে দিয়েছে।’ এদিকে, এভারটনের কাছে হেরে চতুর্থ স্থান থেকে ছিটকে গিয়েও এভারটনেরই ব্যর্থতায় আবারো সেখানে ফেরা আর্সেনাল আজ জিতলেই চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী আসর নিশ্চিত করে ফেলবে। লিগের অবশিষ্ট দুই ম্যাচ বাকি থাকতে ওয়েঙ্গার বাহিনীর পয়েন্ট ৭৩। সেক্ষেত্রে শেষ ম্যাচে হেরে গেলেও তাদের পয়েন্ট হবে ৭৬। পঞ্চম স্থানে থাকা এভারটন দুই ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ৭৫।
তবে ওয়েস্ট ব্রমের বিরুদ্ধে আজকের ম্যাচটা হয়তো মোটেই সহজ হবে না গানার্সদের জন্য। এ মৌসুমে দুই দলের মুখোমুখিতার ফলাফল অন্তত তেমনটাই বলছে। কাপ এবং লিগে দুই বার মুখোমুখি হয়ে দুবারই ১-১ ড্রতে নির্ধারিত সময় শেষ করতে হয়েছে তাদের।