অ্যানফিল্ডে থাকার প্রতিশ্রুতি সুয়ারেজের
প্রকাশ : ০৩ মে ২০১৪, ২২:০৬
লিভারপুলের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বর্তমান ক্লাব নিয়ে তিনি দারুণ সন্তুষ্ট। এই ক্লাবেই তিনি থাকতে চান এবং এ ব্যাপারে তিনি রেডস ভক্তদের কাছে প্রতিশ্রুতিও দিয়েছেন। এমনকি ইউরোপীয় কোন বড় দলও যদি তার প্রতি আগ্রহ দেখায় তবুও তিনি লিভারপুল ছেড়ে না যাবারই ইঙ্গিত দিয়েছেন।
গত গ্রীষ্মে একবার গুজব রটেছিল চ্যাম্পিয়নস লীগে খেলার ইচ্ছার কারণে সুয়ারেজ লিভারপুল ছেড়ে আর্সেনালে পাড়ি জমাচ্ছেন। এমনকি ট্রান্সফার উইন্ডোতে তাকে নিয়ে বেশ কয়েকটি ইউরোপীয়ান ক্লাবও আগ্রহ প্রকাশ করেছিল, এর মধ্যে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও ছিল। চলতি মৌসুমের শেষে তিনি দল ছাড়ছেন বলেও গণমাধ্যমে বিভিন্নভাবে রিপোর্ট প্রকাশিত হয়েছে। তবে এবারের প্রিমিয়ার লীগে এখন পর্যন্ত শীর্ষস্থান ধরে রেখে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লীগে খেলা নিশ্চিত করার পরেই সুয়ারেজের ক্লাব ছেড়ে যাবার সম্ভাবনা একেবারেই নাকচ হয়ে গেছে। বর্তমান রেডস বস ব্রেন্ডন রজার্সের অধীনেই সুয়ারেজ থাকতে চান। আর তাই স্থানীয় দৈনিক ডেইলী স্টার এর সূতমতে, জানা গেছে লিভারপুলের ডাগ আউট ছেড়ে সুয়ারেজ আপাতত কোথাও যাচ্ছেন না। রিপোর্টের সূত্রমতে আরো জানা গেছে আগামী মৌসুমে নতুন সাড়ে চার বছরের চুক্তি অনুযায়ী সপ্তাহে সুয়ারেজের আয় হবে ২ লক্ষ পাউন্ড। এই চুক্তিতে তিনি গত ডিসেম্বরে স্বাক্ষর করেন।
এখন পর্যন্ত প্রিমিয়ার লীগের ৩১টি ম্যাচে ৩০ গোল করে পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন ২৭ বছর বয়সী এই উরুগুয়ের স্ট্রাইকার। আর তারই কল্যাণে ২৪ বছর পরে আবারো প্রিমিয়ার লীগের শিরোপা স্বপ্নে এখন বিভোর রয়েছে লিভারপুল।—বাসস