আরো দু’বছর জুভেন্তাসে পিরলো
প্রকাশ : ০৩ মে ২০১৪, ২২:০৭
আন্দ্রে পিরলো আরো দুই বছরের জন্য ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসেই থেকে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। এতে করে আগামী ২০১৬ সাল পর্যন্ত ইতালিয়ান চ্যাম্পিয়নদের সাথেই থাকছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। এ সম্পর্কে গ্যাজেটা ডেলো স্পোর্টস জানিয়েছেন বৃহস্পতিবার বেনফিকার কাছে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে ইউরোপা লীগের সেমিফাইনাল থেকে বিদায় নেয়া জুভেন্টাস ইতালিয়ান এই মিডফিল্ডারের সাথে দুই বছরের জন্য চুক্তি বৃদ্ধি করেছে যা ২০১৬ সালের জুনে শেষ হবে। ২০১১ সালে ট্রান্সফার সুবিধাকে কাজে লাগিয়ে পিরলো এসি মিলান থেকে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন। এসি মিলানের হয়ে ২০০৩ এবং ২০০৭ সালে দুটি চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতেছিলেন পিরলো। এছাড়া দুটি সিরি-আ শিরোপাও লাভ করেছিল মিলান। তুরিনে তিন বছর থাকাকালীন পিরলো দুটি চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতেন। এন্টোনিও কন্টের অধীনে টানা তিন বছরে জুভেন্টাসের হয়ে পিরলো দুটি ইতালিয়ান সুপার কাপ জিতেছেন। বর্তমানে সিরি-আ লীগে দ্বিতীয় স্থানে থাকা রোমার থেকে আট পয়েন্ট এগিয়ে শীর্ষে অবস্থান করছে জুভ। হাতে রয়েছে তিনটি ম্যাচ। সোমবার আটলান্টার বিপক্ষে জয়ী হতে পারলে কিংবা রোববার রোমা যদি কাটানিয়ার বিপক্ষে জয়ী হতে না পারে তবে ৩০তম লীগ শিরোপা ঘরে তুলবে জুভেন্টাস। বাসস