মুশফিকের অবস্থার উন্নতি

জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুশফিকুর রহিম। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর মোটামুটি নিশ্চিত হওয়া গেছে হেপাটাইটিস ভাইরাসে ভুগছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। তবে, মাত্র এক দিনের ব্যবধানেই দ্রুত অবস্থার উন্নতি হতে শুরু করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী দুশ্চিন্তার কোন কারণ নেই বলেই জানিয়েছেন, ‘যতগুলো রিপোর্ট দেখেছি তাতে গুরুতর কিছু নয় বলেই মনে হচ্ছে। দ্রুতই ও বাড়ি ফিরে যেতে পারবে।’ এদিকে মুশফিককে দেখতে অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে গণমাধ্যমকে মুশফিকের শারীরিক সুস্থতার খবর জানিয়ে তিনি বলেন, ‘মুশফিকের পরিস্থিতি আগের চেয়ে ভালো। সবগুলো রিপোর্ট হাতে পেলে ডাক্তার তাকে রবিবার (আজ) বাসায় যাওয়ার অনুমতি দিতে পারে।’