বোলিংয়ে উজ্জ্বল, ব্যাটিংয়ে নিষ্প্রভ
প্রকাশ : ০৩ মে ২০১৪, ২২:০৮
আরো একবার কলকাতা নাইট রাইডার্সের সেরা বোলারের ভূমিকায় আবির্ভূত হলেন সাকিব আল হাসান। চার ওভার বল করে ২৫ রান দিয়ে তার নেয়া দুটি উইকেটের কল্যাণে টসে জিতে গত শুক্রবার প্রথমে ব্যাট করতে নামা চেন্নাই সুপার কিংস বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে তিন উইকেট হারিয়ে করে ১৪৮ রান।
জবাবে নির্ধারিত ১৭ ওভারে নয় উইকেট হারিয়ে মাত্র ১১৪ রান করে গৌতম গম্ভীরের দল। রবীন্দ্র জাদেজা ১২ রান দিয়ে চারটি উইকেট নেন। এছাড়া পেসার মোহিত শর্মা নেন তিনটি উইকেট। ওপেনার রবিন উথাপ্পা ৪৭ ও ইউসুফ পাঠান করেন ৪১ রান। বাকি কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। কোন রান না করেই ফিরে যান সাকিব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এটা কলকাতার চতুর্থ হার। আগামী পাঁচ মে আহমেদাবাদে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে তারা।