ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের রূপনগরে কাওয়ালীপাড়া-ফোর্ডনগর খালের উপর বিশ্ব ব্যাংকের অর্থায়নে সদ্যনির্মিত এলজিইডির আওতাধীন এই সেতুটি জনগণের ব্যবহারের আগেই ধসে পড়ার ঝুঁকিতে পড়েছে। উপজেলা প্রকৌশলী সূত্রে জানা যায় সেতুটি নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ‘ইউনূস আল মামুন’। সেতুটির ধস ঠেকাতে বালুর বস্তা দিয়ে ঠেকা দেওয়া হয়েছে। উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এই সেতুটি স্বল্প দৈর্ঘের হলেও এর গুরুত্ব অনেক বেশি। সেতুটি ধামরাই ও সাভারের মধ্যে সংযোগ সৃষ্টি করেছে এবং সাভার-ঢুলিভিটা যাতায়াতের ক্ষেত্রে ঢাকা-আরিচা মহাসড়কের বিকল্প যোগাযোগের পথ সৃষ্টি করেছে। উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন জানান, শীঘ্রই সেতুটি মেরামত করা হবে। তবে নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকপক্ষের প্রতিনিধি মনির হোসেন জানান, সম্পূর্ণ ঠিকঠাক করেই সেতুটি কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়া হবে —ইত্তেফাক