লেন্সে বাঁধা প্রকৃতির রূপ

আমাদের দেশ প্রকৃতির এক অপরূপ লীলাভূমি। সবুজের মাঝে এক ভিন্ন রূপ ফুটে উঠে দেশের প্রতিটি আনাচে কানাচে। আর তা-ই নিজেদের ক্যামেরায় বন্দী করে নিয়ে আসেন এ প্রজন্মের মেধাবী ফটোগ্রাফাররা। নগরজীবনের যান্ত্রিক জীবনাচারে এমন দৃশ্য মাঝে মাঝেই আমাদের নিয়ে যায় সেই সব স্থানগুলোতে, যেখানে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য বসবাস করে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি(বিইউবিটি) প্রথমবারের মতো এমনই একটি প্রদর্শনী আয়োজন করেছে। এ নিয়ে আমাদের এবারের আয়োজন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে প্রথমবারের মতো আলোকচিত্র প্রদর্শনী করেছে বিইউবিটি ফটোগ্রাফি ক্লাব। ৫ মে হতে ৬ মে বিশ্ববিদ্যালয়ের হল রুমের গ্যালারিতে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। দু’দিনব্যাপী এই প্রদর্শনীতে বিইউবিটির শিক্ষার্থীদের তোলা আলোকচিত্রসমূহ থেকে বাছাই করা ৩৫টি ছবি প্রদর্শিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু সালেহ প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর মিয়া লুত্ফর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দু’দিনব্যাপী এই আয়োজনে থাকছে প্রদর্শিত আলোকচিত্র সম্পর্কে আলোচনা ও সনদপত্র বিতরণ। এই আলোকচিত্র প্রদর্শনীতে মানুষের জীবন বৈচিত্র্য, প্রকৃতি ও বন্য জীবনসহ বিভিন্ন ধরনের ছবি দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। আলোকচিত্র প্রদর্শনীর দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং নান্দনিকতার পাশাপাশি চারপাশের সঙ্গতি ও অসঙ্গতিসমূহের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে আলোকচিত্রকে একটি শক্তিশালী ও সৃষ্টিশীল মাধ্যম হিসেবে গ্রহণ করে নিজেদের সামনে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক বিইউবিটি ফটোগ্রাফি ক্লাবের সদস্যরা।