গুগলের নতুন ডেভেলপার গ্রুপ জিডিজি সোনারগাঁর যাত্রা শুরু

বাংলাদেশে গুগল ডেভলপারদের নতুন প্ল্যাটফর্ম জিডিজি সোনারগাঁ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গত ৩ মে কারওয়ান বাজারস্থ বেসিস অডিটরিয়ামে এক কর্মশালার মাধ্যমে এই প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করে। দেশের প্রফেশনাল মোবাইল অ্যাপ্লিকেশন ডেভলপারদের নিয়ে দেশীয় মোবাইল মার্কেটের চাহিদা, সমস্যা ও সমাধানের পথ তৈরি করতে আরও নিবিড়ভাবে কাজ করার উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে জিডিজি সোনারগাঁ। এ লক্ষ্য বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে দুই শতাধিক প্রফেশনাল মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারদের নিয়ে গুগল অ্যাডমবের ওপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন গুগলের অনলাইন পার্টনারশিপের স্ট্র্যাটেজিক পার্টনার ম্যানেজার লেবানিজ নাগরিক ফুয়াদ হাইওয়েক। কর্মশালায় বেসিস প্রেসিডেন্ট শামীম আহসান, গুগল বাংলাদেশের কান্ট্রি কনসালট্যান্ট কাজী মনিরুল কবির, জিডিজি সোনারগাঁর ব্যবস্থাপক জাকি হায়দার, এমসিসি লি.-এর প্রধান নির্বাহী আশ্রাফ আবির প্রমুখ উপস্থিত ছিলেন।