একটি রোমান্টিক গল্প কিংবা রোমান্টিক নয়, অথবা অতিপ্রাকৃতিক একজন মানুষের গল্প। যে মানুষটি যা বলে হয়ে যায় সেটি। ভাবনার সঙ্গে মিলে যায় সময়ের গল্প। এমন বিষয় নিয়েই নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘বার্ডস আই’। এতে জুটি হয়ে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক ও জাকিয়া বারি মম। রচনা ও পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। বঙ্গবিডি প্রযোজিত নাটকটির চিত্রনাট্য করেছেন মতিয়া মানু শুকু।
এতে পেখম চরিত্রে অভিনয় করেছেন মনোজ। গল্প আর নির্মাণ নিয়ে দারুণ খুশি এ অভিনেতা। ঈদের জন্য মমর সঙ্গে জুটি হয়ে দুটি নাটকে অভিনয় করেছেন মনোজ। এর মধ্যে একটি ‘বার্ডস আই’। অন্যটি ঠিক ঈদে প্রচার হবে কী না নিশ্চিত নন তিনি। তবে এটি প্রচার হবে বলে নিশ্চিত করে জানান মনোজ।
টেলিফিল্মটি নিয়ে মনোজ বলেন, নাটকটিতে পেখম চরিত্রে অভিনয় করা ছেলেটির মধ্যে দারুণ একটা ব্যাপার আছে। সত্যি বলছি আমি এর আগে যত চরিত্রে অভিনয় করেছি তার মধ্যে একটি উল্লেখ করার মতো একটা চরিত্র। অভিনয় করে হৃদয় জুড়িয়ে গেছে। প্রশান্তি পেয়েছি খুব’। কাজটি আমার সেরা একটি কাজ হবে। আশা করি দর্শকরাও উপভোগ করবেন।’
আরও পড়ুন: মন্দিরে চুরির ঘটনায় ৪ চোর গ্রেফতার, মালামাল উদ্ধার
টেলিফিল্ম এর গল্প নিয়ে প্রশংসা করলেন মমও। জানালেন, ‘এমন গল্পে কাজ করতে সত্যিই আনন্দ লাগে। দর্শকরা দেখেও আনন্দ পান। সব মিলিয়ে ভালো একটি কাজ হয়েছে।’
এনটিভির ঈদ আয়োজনের ৫ম নাটকটি প্রচার হবে বলে জানান পরিচালক রাজু।
ইত্তেফাক/অনি