আদমদীঘির সান্তাহারে মন্দির থেকে চুরি হওয়া মূর্তি ও মালামালসহ চারজন চোরকে গ্রেফতার করেছে সান্তাহার ফাঁড়ির পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, সান্তাহার পৌর শহরের ডালপট্টি মহল্লার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে রনি হোসেন (১৮) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পলিআমেশাপুর গ্রামের আইনুল হকের ছেলে দুখু মিয়া (২২), সান্তাহার মাইক্রোস্ট্যান্ড এলাকার দুলাল হোসেনের ছেলে সাগর হোসেন রানা (১৮) ও নওগাঁ জেলার পার-নওগাঁর মৃত রমজান খানের ছেলে নুর ইসলাম (৫০)।
জানা যায়, আদমদীঘির সান্তাহারে শত বছরের পুরানো পারিবারিক নারায়ণ মন্দিরে গত বৃহস্পতিবার রাতে সাটারিং ভেঙ্গে কাঁসা-পিতলের বাসনপত্র, লক্ষ্মী-নারায়ণ মূর্তি, গোপাল মূর্তিসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করা হয়।
আরও পড়ুন: বরিশালের রাস্তায় থ্রিডি জেব্রা ক্রসিং
বিষয়টি থানা পুলিশকে জানালে ওসির নেতৃত্বে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে সান্তাহারের রনি হোসেনকে গ্রেফতার করা হয়। পরে রনির দেওয়া তথ্যে অপর চোরদের গ্রেফতার করে মালামাল উদ্ধার করা হয়।
তথ্যটি নিশ্চিত করেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।
ইত্তেফাক/অনি
