নিউইয়র্কে ফুটবল লিগ-২০১৪

ব্রাদার্স, ব্রঙ্কস ইউনাইটেড ও স্ট্যামফোর্ডের জয়

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বাকডাইস ও আবদীন ব্রাদার্স ফুটবল লিগের দ্বিতীয় সপ্তাহের খেলায় ব্রাদার্স এলায়েন্স, ব্রঙ্কস ইউনাইটেড ও কানেকটিকাটের স্ট্যামফোর্ড ইউনাইটেড জয়লাভ করে পূর্ণ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে মোহামেডান ও আইসাব একে অন্যের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে। ব্রাদার্স এলায়েন্স ১-০ গোলে সোনার বাংলাকে হারায়। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যদিয়ে অনুষ্ঠিত এই খেলায় প্রথমার্ধের ১৭ মিনিটের সময় কর্নার কিক থেকে পাওয়া গোলে ব্রাদার্স জয় পায়। দলের পক্ষে খালেদ গোলটি করেন। খেলার দ্বিতীয়ার্ধে ব্রাদার্স আরো গোল এবং সোনার বাংলা গোল পরিশোধের চেষ্টা করলেও শেষ পর্যন্ত খেলাটি ১-০ গোলে শেষ হয়। দিনের দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ১-০ গোলে ব্রঙ্কস স্টারকে পরাজিত করে। বিজয়ী দলে পক্ষে নাদিম একমাত্র জয়সূচক গোলটি করেন। খেলার ৩১ মিনিটের সময় ডি বক্সের কাছে জটলা থেকে নাদিম সুন্দর শটে গোলটি করেন। খেলায় অখেলোয়াড় সুলভ আচরণের জন্য ব্রঙ্কস ইউনাইটেডে রাসেলকে লাল কার্ড প্রদর্শন করা হয়। দিনের তৃতীয় খেলায় লিগে নবাগত মোহামেডান ও আইসাব প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় উভয় দল একাধিক গোলের সুযোগ পেলেও শেষ পর্যন্ত খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলার ৩৩ মিনিটের সময় আইসাব-এর মিলাদের দেয়া গোলে (১-০) দলটি এগিয়ে যায়। এরপর খেলার ৪০ মিনিটের সময় মোহামেডানের শিপন গোল করে খেলায় সমতা (১-১) ফিরিয়ে আনেন। স্ট্যামফোর্ড ইউনাইডেট ১-০ গোলে জ্যাকসন হাইটস ক্লাবকে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট লাভ করে। খেলার বিজয়ী দলের পক্ষে ফরহাদ জয়সূচক গোলটি করেন। এই খেলা শুরুর আগে উভয় দলের খেলোয়ারদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী ও বর্তমান সভাপতি মহিউদ্দিন দেওয়ান। এই পর্ব পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল।