নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের

প্রতিদিনই দেশে খুন, গুম ও অপহরণের ঘটনা ঘটছে। এ প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। একটি সভ্য দেশে এটা কারোরই কাম্য হতে পারে না। এটা মেনে নেওয়ার মতো নয়। সবাই শান্তিতে বাস করতে চায়। আজ দেশের কোনো নাগরিকই নিরাপদ নন। নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। সে হিসেবে যাঁরা ক্ষমতায় থাকেন দায়ভার তাঁদের ওপরই বর্তায়। দেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য যদি আরো বেশি সংখ্যক নিরাপত্তাবাহিনীর সদস্য নিয়োগ করা দরকার হয় তাহলে বিলম্ব না করে সরকারের উচিত দ্রুত সে ব্যবস্থা নেওয়া। তারপরও দেশের মানুষের নিরাপত্তা প্রদানে সরকারের আপসহীন হওয়া উচিত। কে কোন দল করে সেটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা আমরা মানুষ। নারায়ণগঞ্জ আজ সন্ত্রাসগঞ্জে পরিণত হয়েছে। সরকার ইচ্ছা করলেই এ সন্ত্রাস বন্ধ করতে পারে। সন্ত্রাসীরা কোনো দলের নয়। এদের পরিচয় এরা সন্ত্রাসী। চিহ্নিত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান নেওয়া উচিত। আর সন্ত্রাসীদের দমন করতে সরকার বিন্দু পরিমাণ কার্পণ্য করলে আমরা দুর্ভাগা জাতিতে পরিণত হবো। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অপহূত ওয়ার্ড কাউন্সিলরসহ ৭ জনের লাশ শীতলক্ষ্যা থেকে উদ্ধার করা হয়েছে। এ ধরনের অপহরণ ও হত্যা মানুষের উদ্বেগকে আরো বাড়িয়ে দেয়। আমরা আর কোনো অপহরণ, গুম ও হত্যা দেখতে চাই না। আমরা শান্তি চাই। রাষ্ট্র আমাদের জন্য শান্তির ব্যবস্থা করুক। মহানগর ল’ কলেজ