ভারতীয় ব্যাটসম্যানদের পিটারসেনের পরামর্শ

ইংল্যান্ড জাতীয় দলে এখন আর তার ঠাঁই নেই। খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। আর সেখানে খেলতে এসেই পরামর্শ দিলেন ভারতীয় ব্যাটসম্যানদের। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়কের মতে, আগের বারের ভাগ্যবরণ এড়াতে হলে আগামী জুন-অক্টোবরে ইংল্যান্ড সফরে ভারতীয় ব্যাটসম্যানদের অবশ্যই জ্বলে উঠতে হবে। ২০১১ সালে ইংল্যান্ড সফরে ০-৪ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। সে সফরে একমাত্র রাহুল দ্রাবিড় ছাড়া ভারতের কোন ব্যাটসম্যানই নিজেদের নামের সুবিচার করতে পারেনি। এরপর ২০১২-১৩ মৌসুমে সফরকারি ইংল্যান্ডের কাছে ১-২ ব্যবধানে হোম সিরিজ হেরেছিল ভারত। গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ড দল থেকে বরখাস্ত হওয়া পিটারসেন সাংবাদিকদের বলেন, ‘এটা খুবই চমত্কার একটি টেস্ট সিরিজ হবে। শেষবার সফরে সমস্যা যেটা হয়েছিল- একমাত্র রাহুল দ্রাবিড় ছাড়া আর কেউ রান পায়নি। কিন্তু ভারতীয় দলের ব্যাটিং বেশ শক্তিশালী এবং মেধাবী। তারা রান করতে পারেন। কিন্তু যদি তারা রান করতে না পারে তবে সেটা ভারতের জন্য কোন কাজে আসবে না।’। আগামী জুলাই ৯ থেকে আগস্ট ১৯ পর্যন্ত সময়ে ইংল্যান্ড সফরে ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। তার আগে পাঁচটি ওয়ানডেও খেলবে দল দুটি। ৩৩ বছর বয়সী পিটারসেন বলেন, ‘আমি ভারতীয়দের ব্যাটিং দেখতে পছন্দ করি। তারা খুবই আনন্দদায়ক। চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, মুরালি বিজয়ের মত ব্যাটসম্যান রয়েছে ভারতীয় দলে। ইংলিশ কন্ডিশনে মানিয়ে নেয়ার মত যথেষ্ট ভাল টেকনিক তাদের জানা আছে।’ আর ইংল্যান্ড গ্রায়েম সোয়ানের অভাব অনুভূত হবে বলে মনে করছেন ডান হাতি এই ব্যাটসম্যান। দিল্লী ডেয়ারডেভিলসের অধিনায়কত্ব করা পিটারসেন বলেন, ‘এ সিরিজে কোন দল ফেবারিট আমি সেটা জানি না। তবে ইংল্যান্ড অবশ্যই সোয়ানকে মিস করতে যাচ্ছে। প্রথম ইনিংসে অনেক উইকেট নেয়ার ক্ষমতা তার ছিল এবং দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে দেয়ার যোগ্যতা তার ছিল। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় ০-৫ ব্যবধানে পরাজিত অ্যাশেজ সিরিজের মাঝ পথে অবসর ঘোষণা দিয়ে ক্রিকেট বিশ্বকে বিস্মিত করেন ইংলিশ তারকা বোলার সোয়ান। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০১৫ বিশ্বকাপ সম্পর্কে পিটারসেন মন্তব্য করেন, সব দলেরই এ মেগা ইভেন্ট জয়ের সম্ভাবনা আছে, ‘স্বাগতিকসহ সফরকারি সকল দলেরই আগামী বিশ্বকাপ শিরোপা জয়ের ভাল সম্ভাবনা আছে। অস্ট্রেলিয়ার ব্যাটিং উইকেটগুলো বেশ ভাল। কন্ডিশনের বেশির ভাগ সুবিধাই তাদের কাজে লাগাতে হবে।’ বাসস