শ্রীলংকায় শেখ রাসেল মাঠে নামছে আজ
প্রকাশ : ০৬ মে ২০১৪, ২২:০০
এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবল বাছাই পর্বের খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র আজ মাঠে নামছে। শ্রীলংকার রাজধানী কলম্বোয় শেখ রাসেলের প্রতিপক্ষ হচ্ছে পাকিস্তানী ফুটবল দল খান রিসার্চ ল্যাবরেটরী ফুটবল ক্লাব (কেআরএলএফসি)। সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হবে। বি গ্রুপে বাংলাদেশ লড়াই করছে। এই গ্রুপের চার দলের মধ্যে শক্তিশালী দল হচ্ছে পাকিস্তানের ক্লাবটি। কারণ কেআরএল ক্লাবটি গত বারের রানার্স আপ দল।
শেখ রাসেল পাকিস্তানের কেআরএল ফুটবল দলকে ফেভারিট মেনে নিয়েই তারা কলম্বো গেছে। যাওয়ার আগে পাকিস্তানের রাওয়ালপিন্ডির ক্লাবটির বিরুদ্ধে কিভাবে ভালো খেলে ম্যাচ জয় করা যায় তা নিয়ে শেখ রাসেল ক্লাবের মধ্যে প্রচুর হোম ওয়ার্ক করা হয়েছে। শেখ রাসেলের মন্টিয়েনেগ্রের কোচ দ্রাগান দুকানোভিচ কেআরএল ক্লাবের ম্যাচ ভিডিও নিজে দেখেছেন এবং তার দলের খেলোয়াড়দের দেখিয়েছেন। যতটুকু সম্ভব পাকিস্তানী দলটির দুর্বলতা বের করেছেন। তাদের শক্তিমত্তা খুঁজেছেন। ফাইন্ডিংস নিয়ে খোলাসা করে কিছু না বললেও ঢাকায় দ্রাগান বলে গিয়েছেন কিছু তথ্য আমরা পেয়েছি। যেটা কাজে লাগানোর জন্য ন্যূনতম রশদ বলা যায়। পাকিস্তানের খান রিসার্চ ল্যাবরেটরী ফুটবল ক্লাবটি তিনবার এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলে বাছাইয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। আর শেখ রাসেলের অংশগ্রহণ এবারই প্রথম।
ঢাকায় ফুটবল লিগে নিজেদের শেষ কয়টি ম্যাচ খুব ভালো করতে পারেনি শেখ রাসেল। আর এর কারণ হিসাবে নতুন কোচ দায়িত্ব নিয়ে বলেছিলেন দল নির্বাচনটা সঠিক ছিল না। ট্রেবল জয়ের কথা শুনে দায়িত্ব লুফে নিয়েছিলেন। ঢাকায় এসে দেখলেন দলের দুর্বলতা আছে। এই অবস্থায় দ্রাগান দল নিয়ে গেছেন শ্রীলংকায়। কঠিন পরীক্ষার মুখোমুখি নতুন কোচ। আন্তর্জাতিক ক্লাব ম্যাচ খেলতে হচ্ছে। দলের খেলোয়াড়দের উপর আস্থা রাখতে বাধ্য হচ্ছেন তিনি। কারণ এছাড়া উপায় নেই। খেলোয়াড়রা বলছেন তারা নিজেদের সেরাটা দেবেন মাঠে। এমন কথায় উত্সাহ পাচ্ছেন কোচ দ্রাগান। মাঠে কতটুকু মিলবে। সে পরীক্ষাটা আজ থেকেই শুরু হবে।
এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবল উপলক্ষে গতকাল কলম্বোতে সংবাদ সম্মেলনে শেখ রাসেলের কোচ দ্রাগান বলেছেন, আমার লক্ষ্য দ্বিতীয় পর্ব। তবে তার আগে পাকিস্তানকে সরাতে হবে। আজকের প্রতিপক্ষ পাকিস্তানকে হারাতে পারলে আমরা অনেক দূর এগিয়ে যাবো।’ দ্রাগান শ্রীলংকার ফুটবল দর্শকদের উদ্দেশ্যে বলেছেন, এখানকার ফুটবল দর্শকরা পাকিস্তানের বিরুদ্ধে আমাদের একটা কঠিন লড়াই উপভোগ করতে পারবেন।’ কঠিন লড়াইয়ের কথা বলা হলেও শেখ রাসেলের জন্য দুঃসংবাদ হচ্ছে দলের স্ট্রাইকার মিঠুন চৌধুরী খেলবেন কিনা জানা যায়নি। ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, মিঠুনের পায়ের গোড়ালিতে চোট আছে। আজ ম্যাচের আগ পর্যন্ত মিঠুনের চোট কতটা কমেছে। তা দেখে কোচ ম্যাচের সেরা একাদশ তৈরি করবেন বলে জানা গেছে।
প্রতিপক্ষ শেখ রাসেলকে শক্তিশালী মনে করছেন পাকিস্তানের কেআরএল ফুটবল ক্লাব। ইসলামাবাদের ছেলে দলের অধিনায়ক ডিফেন্ডার কামরান খান গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, রাসেলকে হারাতে হলে নিজেদের সব কিছু উজাড় করে খেলতে হবে।’ তাদের দলের দুইজন গুরুত্বপূর্ণ ফুটবলার নেই বলে জানিয়েছেন ২৮ বছর বয়সি এই অধিনায়ক। তিনি গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন আমাদের দলের দু’জন পাকিস্তান জাতীয় দলের হয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে খেলতে গেছেন।’
এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলে তিন গ্রুপে ১১টি দল খেলছে বাছাই পর্বে। তিন গ্রুপ থেকে দু’টি করে দল দ্বিতীয় পর্বে উঠবে। ৬ দল নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে দুই গ্রুপে। গ্রুপ সেরা দল দু’টি ফাইনাল খেলবে।