দ্য ববস জুরি অ্যাওয়ার্ড পেল বাংলাব্রেইল প্রকল্প

ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড দ্য ববসের সেরা উদ্ভাবন বিভাগে জুরি এবং পিপলস চয়েস অ্যাওয়ার্ড জয় করেছে বাংলাব্রেইল। এই অনলাইন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের কয়েক হাজার অন্ধ শিক্ষার্থীর জন্য ব্রেইল এবং অডিও বুক তৈরি করছেন একদল স্বেচ্ছাসেবী। এ ছাড়া সেরা ব্লগ বিভাগে মিশরের আলোকচিত্রী মুসা আব এলসামির ব্লগ, সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম বিভাগে ভিজ্যুয়ালাইজিং প্যালেস্টাইন, সেরা সৃজনশীল এবং মৌলিক বিভাগে চীনের উইকোম্বো, গ্লোবাল মিডিয়া ফোরাম বিভাগে ভারতের খবর লহরিয়া এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বিভাগে ইউক্রেনের ইয়ানুকভিচ লিকস জুরি অ্যাওয়ার্ড জয় করেছে। পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় বাংলাব্রেইল প্রকল্পের সমন্বয়ক রাগিব হাসান বলেন, ‘ডয়চে ভেলের এই পুরস্কার জয় করার পরে বাংলাব্রেইলের কথা আরও অনেকে জানবে, আমরা আরও কর্মী পাব, এটাই আমাদের আশা।’ অনলাইন ভোটে ছয়টি আন্তর্জাতিক এবং ১৪টি ভাষাভিত্তিক ক্যাটাগরিতে পিপলস চয়েস অ্যাওয়ার্ড বিজয়ী নির্বাচন করা হয়। গ্লোবাল মিডিয়া ফোরাম বিভাগে এই অ্যাওয়ার্ড পেয়েছে নারী বিষয়ক বাংলা ওয়েবসাইট উইম্যান চ্যাপ্টার এবং বাংলা ভাষা বিভাগে বিজ্ঞান বিষয়ক ব্লগ জিরো টু ইনফিনিটি। আরও বিস্তারিত জানা যাবে www.thebobs.com/bengali ঠিকানায়।