ব্রাজিলীয় ‘ভাইদের’ সমর্থনের আশায় রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো আশা করছেন আসন্ন বিশ্বকাপ ফুটবলের সময় ব্রাজিলীয় সমর্থকদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পাবেন। পর্তুগাল বিশ্বকাপে তুলনামূলকভাবে কঠিন গ্রুপেই পড়েছে। কেননা ‘জি’ গ্রুপে তাদের সাথে রয়েছে জার্মানি, ঘানা ও যুক্তরাষ্ট্র। অনেক বোদ্ধাদের মতেই এটা হলো ‘ডেথ গ্রুপ’ যাতে রোনালদোর দল ১৬ জুন জার্মানি, ২২ জুন যুক্তরাষ্ট্র ও ২৬ জুন ঘানার মোকাবিলা করবে। তার আগে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার খেলা দিয়ে ১২ জুন শুরু হবে ২০১৪ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্ব। রোনালদো মনে করেন স্বাগতিক ব্রাজিলের সাথে ভাষাগত কারণে ‘ভ্রাতৃত্ববোধ’ থাকায় তারা নিজেদের জাতীয় দলের পাশাপাশি পর্তুগালকে সমর্থন করবে। রোনালদো এ প্রসঙ্গে পর্তুগালের স্পোরটিভিকে বলেন, আমি আশা করি যে ব্রাজিলীয়দের কাছ থেকে বড় রকমের সমর্থন পাবো। এটা হলো ভ্রাতৃপ্রতীম দেশ। এমন একটা দেশ যারা কিনা একই ভাষায় কথা বলে এবং বিশেষ সত্তা আছে।’ পর্তুগীজ এ স্ট্রাইকার অবশ্য স্বীকার করেন যে, অন্তত একটা পরিস্থিতিতে গিয়ে স্বাগতিক সমর্থকরা তাদের পুরনো উপনিবেশিক প্রভুদের সমর্থন দেবেন না। তিনি বলেন, ‘আমরা যদি ব্রাজিলের মুখোমুখি হই তাহলে তাদের সমর্থন পাবো না। আমি আশা করি এটা (দেশ দুটি মুখোমুখি) হবে ফাইনালে।’ এবারের বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানোর আগ পর্যন্ত স্বাগতিকদের মুখোমুখি হওয়ার সুযোগ নেই ফিফা ব্যালন ডি অঁর জয়ী রোনালদোর দলের। তাই রিয়াল মাদ্রিদের এই তারকা খেলোয়াড় আশা করছেন অন্তত তার আগ পর্যন্ত স্থানীয় সমর্থকরা তাদের পক্ষে থাকবে। যা তাদের চলার পথে সহায়ক হবে। চার বছর আগে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বেই মুখোমুখি হয়েছিল দেশ দুটি। ডারবানে অনুষ্ঠিত সে খেলাটিতে পর্তুগীজ ভাষাভাষী দেশদুটি গোল শূন্য ড্র করে এবং উভয় দলই নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। পর্তুগাল এবার অবশ্য বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওঠে সুইডেনের বিপক্ষে প্লে¬ অফ ম্যাচ খেলে। খেলাটিতে নায়কোচিত নৈপুণ্য দেখান রোনালদো। নিজে হ্যাটট্রিক করার পাশাপাশি দলকে বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ করে দেন। নিজেদের গ্রুপের প্রতিপক্ষ সম্পর্কে রোনালদো বলেন, ‘আমরা ফেভারিট নই। তবে আমরা চেষ্টা করব এই সুবিধাটা উপভোগ করতে। আমরা এটিও জানি যে বেশ কঠিন একটি গ্রুপে পড়েছি আমরা।’—বাসস/সাম্বাফুট