‘সুদিনে ফিরবে ইউনাইটেড’

রায়ান গিগস ম্যানচেষ্টার ইউনাইটেডের সমর্থকদের বলেছেন, সাফল্য আবার ধরা দেবে ওল্ড ট্র্যাফোর্ডে। এক আবেগময় বক্তৃতায় ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের ভারপ্রাপ্ত কোচ ও খেলোয়াড়টি এই ভবিষ্যদ্বাণী করেন। তরুণ স্ট্রাইকার জেমস উইলসনের জোড়া গোলে গত মঙ্গলবার নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে এ মৌসুমের শেষ ম্যাচে হাল সিটিকে ৩-১ গোলে পরাজিত করে ইউনাইটেড। এটি ছিল ইউনাইটেডের হয়ে উইলসনের প্রথম ম্যাচ। তারপরই কথাগুলো বলেন ৪০ বছর বয়সী গিগস। এটা হতে পারে ৯৬৩ খেলা শেষে ক্লাবটির হয়ে তার শেষ আবির্ভাব। কেননা তিনি এখনো তার ভবিষ্যত্ কি হবে তা নিশ্চিত করেননি। গিগস খেলোয়াড় হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। জাতিতে ওয়েলশ গিগস বলেন, ‘চলতি মৌসুমটা ছিল কঠিন। তবে সহসাই ভাল সময় ফিরবে। বছরের পর বছর ধরে আমরা সাফল্য পেয়েছি, সেসব নষ্ট করেছি। কিন্তু আপনারা দলকে ও কোচিং স্টাফদের সবসময়েই সমর্থন দিয়ে গেছেন। আমি নিশ্চিত সামনের বছরগুলো আরো সাফল্য বয়ে আনবে।’ ওল্ড ট্র্যাফোর্ডে ১৮ বছর বয়সী এই তরুণের অভিষেক ম্যাচে গোল করেন রবিন ফন পার্সি। অপরদিকে এফএ কাপ ফাইনালিস্টদের হয়ে ব্যবধান কমান ম্যাটি ফ্রায়াট। এ জয়ের পর ইউনাইটেডের ক্ষীণ সম্ভাবনা আছে পরবর্তী মৌসুমের ইউরোপে লিগে খেলার যোগ্যতা অর্জনের। সেক্ষেত্রে তাদেরকে শেষ খেলায় আগামী রবিবার সাউদ্যাম্পটনের বিপক্ষে জিততে হবে এবং আশা করতে হবে টটেনহ্যাম যেন একইদিনে নিজের মাঠে অ্যাস্টন ভিলার কাছে হারে। সার্বিয়ান ডিফেন্ডার ও অধিনায়ক নেমানজা ভিডিচের এটি ছিল নিজেদের মাঠে শেষ ম্যাচ। মৌসুম শেষেই তিনি ফ্রি ট্রান্সফারে ইতালিয়ান জায়ান্ট ইন্টারমিলানে যোগ দিচ্ছেন। অপরদিকে গিগসের সাথেও চুক্তি শেষ হয়ে যাচ্ছে ইউনাইটেডের। দলটি এ সপ্তাহে তাদের নতুন কোচ নিয়োগের ঘোষণা দেবে বলে জানালেও শেষ পর্যন্ত তা করছে না। ধারণা করা হচ্ছে ইউনাইটেড এবার ডাচ কোচ লুইস ভ্যান গলকেই দায়িত্ব দিতে যাচ্ছে। শেষ পর্যন্ত ইউরোপা লিগে খেলা নিশ্চিত করতে পারলে তাও হবে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের একমাত্র ও বড় প্রাপ্তি। গিগস নিজেকে এবং ভিডিচকে বদলি হিসেবে রেখে মূল একাদশে উইলসন এবং লরেন্সকে নামিয়ে চমক দেখিয়েছিলেন। যদিও ২২ মিনিটে ডিফেন্ডার ফিল জোনস কাঁধে আঘাত পেলে ভিডিচ মাঠে নামেন। জোনসের এই ইনজুরি নি:সন্দেহে ইংলিশ কোচ রয় হজসনের জন্য দু:শ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। আঘাতের পরপরই এই ডিফেন্ডারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু উইলসনের ৩১ মিনিটের গোল সাময়িক ভাবে গিগসকে স্বস্তি এনে দেয়। আদনান জানুজাজের ডান প্রান্ত থেকে নেয়া ফ্রি-কিকের বল মারাউন ফেলাইনির হেড করলে তা পোস্টে লেগে ফেরত আসে। ফিরতি বলে বাম পায়ের হাফ ভলিতে ইউনাইটেডের পক্ষে নিজের প্রথম গোল করেন উইলসন। ৬১ মিনিটে উইলসন নিজের দ্বিতীয় গোল করে দলকে আরো এগিয়ে দেন। কিন্তু দুই মিনিট পরেই ফ্রায়াট ২৫ গজ দূর থেকে জোড়ালো শটে এক গোল পরিশোধ করলে গিগস উইলসনের স্থানে ফন পার্সিকে নামান। এতে করে উইলসনের হ্যাটট্রিকের সম্ভাবনা নষ্ট হয়ে যায়। এরপর ৭০ মিনিটে লরেন্সের স্থানে গিগস নিজেই মাঠে নামলে সমর্থকরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানায়। এটি ছিল কিংবদন্তী এই খেলোয়াড়ের ইউনাইটেডের পক্ষে ৯৩তম ম্যাচ। ৮৬ মিনিটে ফন পার্সি দারুণ এক গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। বাসস