চট্টগ্রামে আজ খেলবে স্বাগতিক আবাহনী ও ফেনী সকার

বাফুফের সিদ্ধান্তে অবশেষে চট্টগ্রামে খেলতে হচ্ছে ঢাকার দলগুলোকে। চট্টগ্রাম আবাহনী ও ফেনী সকার ক্লাবের খেলার মধ্যদিয়ে স্থানীয় এমএ আজিজ স্টেডিয়ামে পর্দা উঠছে নিটল টাটা জাতীয় ফুটবলের চট্টগ্রাম পর্বের। অংশগ্রহণকারী দলগুলোর অনীহা ছিল ঢাকার বাইরে অন্য কোন ভেন্যুতে তারা যাবে না। কারণ ঢাকার দলগুলোর দাবি- বাইরের ভেন্যুগুলো খেলার উপযোগী নয়। এর প্রেক্ষিতে বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা চট্টগ্রাম, ফেনী ও গোপালগঞ্জ ভেন্যু পরিদর্শন করে পরবর্তীতে ফেনীর ভেন্যু বাতিল করে চট্টগ্রাম ও গোপালগঞ্জের ভেন্যুকে খেলার উপযোগী বলে সিদ্ধান্ত দেন। এরপরই অংশগ্রহণকারী চট্টগ্রাম আবাহনী ও ফেনী সকার ক্লাব গতকাল চট্টগ্রামে পৌঁছায়। এমএ আজিজ স্টেডিয়ামে দুই দলের খেলাটি শুরু হবে বিকাল সাড়ে ৫টায়। ফেনী সকার ক্লাব গতকাল এক বিশাল বহর নিয়ে অনুশীলনে নামে। কোচ বা কোন কর্মকর্তা মাঠের ব্যাপারে কোন অভিযোগ আনেননি। চট্টগ্রাম আবাহনী অনুশীলন করেছে সকালে। তারা বেশ আনন্দিত। কেননা হোম ভেন্যুর সকল সুযোগ-সুবিধা চট্টগ্রাম আবাহনীর অনুকূলে থাকবে।