ক্যাসিয়াসের পাওনা কর শোধ
প্রকাশ : ০৭ মে ২০১৪, ২২:১৭
করদাতা হিসেবে প্রায় এক কোটি ৬০ লাখ ইউরো পাওনা কর শোধ করলেন রিয়াল মাদ্রিদ এবং স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। ক্যাসিয়াসের এক ঘনিষ্ঠ সূত্র এই তথ্য জানায়। স্প্যানিশ দলের বিশ্বকাপ ও ইউরো মিশনের নায়ক ক্যাসিয়াস গত অর্থবছরের হিসেবে এই পাওনা শোধ করেছেন এবং ভবিষ্যতে এই ধরনের বিষয় আর হবে না বলেই প্রতিশ্রুতি দিয়েছেন বলে সূত্রটি নিশ্চিত করে। কাতালান পত্রিকা লা ভানগার্ডিয়ার সূত্রমতে জানা গেছে ক্যাসিয়াসের অর্থ বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন কর কর্তৃপক্ষের এক অডিটে তার এই পাওনা ধরা পড়ে। একইসাথে বলা হয়েছে যে ধারণা করা হচ্ছে ক্যাসিয়াস স্বইচ্ছায় এমন ভুল করেননি। এই কর পরিশোধ করার পরে সব কিছু সমাধান হয়ে গেছে বলে পত্রিকাটি উল্লে¬খ করে। কর কর্তৃপক্ষ ক্যাসিয়াস ছাড়াও স্প্যানিশ জাতীয় দল ও বার্সেলোনার সাবেক ও অ্যাটলেটিকো মাদ্রিদের বর্তমান স্ট্রাইকার ডেভিড ভিয়া এবং রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জাবি আলোনসোর ব্যাপারেও অডিট করেছে। এর আগে কর ফাঁকির অভিযোগে বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসিকে গত বছরের সেপ্টেম্বরে তার বাবার সাথে আদালতে পর্যন্ত যেতে হয়েছিল। তাদের বিরুদ্ধে ৫০ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ উঠেছিল। বাসস