দক্ষিণ কোরিয়া দলে তরুণদেরই প্রাধান্য
প্রকাশ : ০৮ মে ২০১৪, ২২:২০
দক্ষিণ কোরিয়ান কোচ হং মিয়ুং-বো ব্রাজিল বিশ্বকাপের জন্য যে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন তাতে তরুণদেরই প্রাধান্য। এতে কোন চমক নেই বললেই চলে। এদের মধ্যে ১৭ জনই বিদেশে খেলেন। বিদেশি লিগগুলোর মধ্যে আছেন জার্মানি ও ইংল্যান্ডে খেলা নয় খেলোয়াড়।
কোচ হং গতকাল রাজধানী সিউলের উত্তরে অবস্থিত গেইনোজ্ঞি প্রদেশের পাজুতে অবস্থিত জাতীয় ফুটবল সেন্টারে দলটি ঘোষণা করেন। তিনি মূলত গত বছরের জুনে দায়িত্ব নেয়ার পর থেকে অধিকাংশ সময়েই যাদের খেলিয়েছেন সেইসব ফুটবলারকেই প্রাধান্য দেন ব্রাজিলগামী দলটিতে। তার এই দলে আছেন ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ১৬তে খেলা দলটির পাঁচজন খেলোয়াড়।
এর মধ্যে আর্সেনালের ২৮ বছর বয়সী স্ট্রাইকার পার্ক চুইয়ং অন্যতম। এছাড়া ৩০ বছরের উপরে একমাত্র খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সৌদী আরবের আল হিলাল ক্লাবের কাওয়াক তায়ে-হুই।
বিশ্বকাপে তুলনামূলকভাবে সহজ গ্রুপেই আছে দক্ষিণ কোরিয়া। কেননা ‘এইচ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ হলো বেলজিয়াম, আলজেরিয়া ও রাশিয়া। যদিও ফিফার বিশ্ব র্যাংকিংয়ে এদের সবারই অবস্থান শীর্ষ ২৫ এর মধ্যে। দক্ষিণ কোরিয়ার প্রথম খেলা ১৭ জুন রাশিয়ার সাথে।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলাদের মধ্যে ছয়জন বাদ পড়েছেন যাদের মধ্যে উলসান হুন্দাইয়ের কিম শিনউক, বর্তমান কে-লিগের সেরা এবং ২০১২ সালে এশিয়ার সেরা খেলোয়াড় লি কেনহু অন্যতম। দল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে দক্ষিণ কোরিয়ান কোচ হং বলেছেন, ‘এটি তরুণদের নিয়ে গড়া দল: কিন্তু আমার খেলোয়াড়দের অভিজ্ঞতার কোন অভাব নেই। তারা সকলেই প্রতিযোগিতামূলক লিগে খেলে থাকে। এটা হয়তোবা কোরিয়ার সর্বকালের সেরা বিশ্বকাপ দল নয়: কিন্তু আমি আশ্বস্ত করতে পারি- নিজেদের সেরাটা দেবার জন্য আমরা কঠোর পরিশ্রম করবো।’
জাতীয় দলের জার্সি গায়ে ৬২ ম্যাচে ২৪ গোল করা পার্কের সামনে এখন সুযোগ এসেছে নিজেকে নতুনভাবে প্রমাণের। আর্সেনালে থাকাকালীন প্রায় বেশিরভাগ সময়ই তাকে বেঞ্চে বসে কাটাতে হয়েছে। এখন বিশ্বকাপে নিজেকে নতুনভাবে প্রমাণের সুযোগ এসেছে অভিজ্ঞ এই স্ট্রাইকারের। বর্তমানে অবশ্য তিনি ধারে ওয়াটফোর্ডে খেলছেন। গত মার্চে গ্রীসের সাথে প্রীতি ম্যাচে জয়সূচক গোলটি করেছিলেন তিনি। -বাসস
দক্ষিণ কোরীয় দল
গোলরক্ষক : জুং সুং-রিয়ং (সুয়ন ব্লুউইংস), কিম সিউং-গুইউ (উলসান হোরাং), লি বুম-ইয়ং (বুসান পার্ক)।
রক্ষণভাগ : হোয়াং সিওক-হো (সানফ্রেসে হিরোশিমা), হং জিওং-হো (অগাসবার্গ/ জার্মানি), লি ইয়ং (উলসান হোরাং), ইয়ুন সুক-ইয়ং (কিউপিআর/ ইংল্যান্ড), কিম চেং-সু (কাশিওয়া রেইসল/ জাপান), কিম জিন-সু (আলবিরেক্স নিগাতা/ জাপান), কিম ইয়ং-গোয়ন (গুয়াংজু এভারগ্র্যান্ড/ চীন), কাওয়াক তায়ে-হুই (আল হিলাল/ সৌদি আরব)।
মধ্যমাঠ : হা ডায়ে-সুং (বেজিং গুয়োন/ চীন), হ্যান কুক-ইয়ং (কাশিওয়া রেইসল/ জাপান), জি ডং-ওয়ান (অগাসবার্গ/ জার্মানি), লি চুন-ইয়ং (বোল্টন ওয়ান্ডারার্স/ ইংল্যান্ড), সন হেউন-মিন (বায়ার লেভারকুসেন/ জার্মানি), পার্ক জোং-উ (গোয়াংজু আরএন্ডএফ/ চীন), কিম বো-কিউয়ুং (কার্ডিফ সিটি/ ওয়েলশ), কি সুন-ইয়ুয়েং (সান্ডারল্যান্ড/ সোয়ানসি, ইংল্যান্ড) ।
আক্রমণভাগ : লি কেয়ুন-হো (সাঙ্গজু সাঙ্গমু), পার্ক চু-ইয়ং (ওয়ার্টফোর্ড/ আর্সেনাল, ইংল্যান্ড), কিম শিন-উক (উলশান হোরাং), কু জা-ছেওল (মেইঞ্জ/ জার্মানি)।