রোনালদোর চোটে দুশ্চিন্তায় রিয়াল
প্রকাশ : ০৮ মে ২০১৪, ২২:২০
রিয়াল ভ্যালাদোলিদের বিরুদ্ধে ১-১ গোলের ড্রতে লিগ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নটা প্রায় শেষই হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। তবে রিয়াল কোচ কার্লো অ্যানচেলোত্তির জন্য, এই ফলের চাইতেও বড় দুশ্চিন্তা হয়ে এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর চোট। পেশির চোটের কারণে, ম্যাচের শুরুতেই মাঠ ছেড়ে যাওয়া এই স্ট্রাইকার অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে পারবেন কিনা জেগেছে সেই প্রশ্নও।
পুরো মৌসুম জুড়েই দুর্দান্ত ফর্মে থাকা রোনালদো গত বুধবার রাতে মাত্র আট মিনিটেই বাধ্য হন মাঠ ছাড়তে। তার বদলে মাঠে নামানো হয় আলভারো মোরাটাকে। মাঠ ছাড়ার সময় নিজের উরুর দিকে ইঙ্গিত করতে থাকা রোনালদো মাত্র আগের ম্যাচেই ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে এ মৌসুমে তার পঞ্চাশতম গোলটি করেন।
লিগে রিয়ালের বাকি দুটি ম্যাচসহ আগামী ২৪ তারিখ লিসবনের ফাইনালে রোনালদো খেলতে পারবেন কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি রিয়ালের পক্ষ থেকে। সকারওয়ে।