প্রেসিডেন্ট কাপ ফুটবল
শেখ রাসেলের দ্বিতীয় ম্যাচ আজ
প্রকাশ : ০৮ মে ২০১৪, ২২:২২
শেখ রাসেল ক্রীড়া চক্রকে এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলে টিকে থাকতে হলে আজ শ্রীলংকার বিমান বাহিনীর বিরুদ্ধে জিততে হবে। গ্রুপ পর্বে পাকিস্তানের খান রিসার্চ ল্যাবরেটরী ফুটবল ক্লাবের সাথে গোল শূন্য ড্র করে চূড়ান্ত পর্বে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে শেখ রাসেল। চার দল নিয়ে তৈরি এক গ্রুপ থেকে দুটি করে ক্লাব চূড়ান্ত পর্বে খেলবে।
শ্রীলংকার বিমান বাহিনী দল প্রথম ম্যাচ জিতে তিন পয়েন্ট পেয়ে এগিয়ে রয়েছে। শেখ রাসেলের সামনে সুযোগ আছে আজকের ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়ে নিজেদের অবস্থান এগিয়ে রাখা। কঠিন হলেও টিকে থাকতে হলে শেখ রাসেলের জয় ছাড়া উপায় নেই। তা না হলে হিসাব কঠিন হয়ে যাবে। কারণ ‘এ’ গ্রুপে শ্রীলংকার বিমান বাহিনী ১-০ গোলে হারিয়েছে ভুটানের উগেইন ফুটবল ক্লাবকে।
কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে শেখ রাসেলের ম্যাচের আগে বিকাল তিনটায় উইজেন ক্লাব খেলবে পাকিস্তানের খান রিসার্চ ল্যাবরেটরী ক্লাবের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে শেখ রাসেল মাঠে নামবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
শেখ রাসেল বুধবার ম্যাচ ড্র করায় খেলোয়াড়দের মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করছে।
গতকাল দলের খেলোয়াড়রা কলম্বোয় সকালে সাগর পাড়ে নিয়ে যাওয়া হয়। দুপুরে সুইমিংপুলে ওয়াটারপলো খেলেছেন তারা।
ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, অধিনায়ক বিপ্ল¬ব বলেন, ‘অনেক দিন পর দলটাকে চনমনে মনে হচ্ছে। সবাই প্রতিটি মুহূর্ত উপভোগ করছে আর আজকের ম্যাচের জন্য আমাদের খেলোয়াড়রা শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত আছেন।’ মিডফিল্ডার শাকিলের মতে, ‘ছোট বড় যে কোন দলের বিপক্ষে খেলার সময়ই চাপ থাকে। নতুনরা যাতে সেই চাপে চাপা না পড়ে, সেটা নজরে রাখাই সিনিয়রদের কাজ, আমরাও সেটাই করছি।’
শেখ রাসেল আন্তর্জাতিক ম্যাচ প্রথম খেললেও দলে আছে জাতীয় দলের সাবেক উইংব্যাক হাসান আল মামুন। তিনি বলেছেন, ‘দেশে প্রিমিয়ার লিগে দল ভালো ফল করতে পারিনি আমরা। যে কারণে খেলোয়াড়রা মানসিক চাপে ছিলেন। সেটা বোধহয় কিছুটা কাটিয়ে উঠেছি আমরা। আগের চেয়ে এখন আমাদের অবস্থা ভালো।’
পাকিস্তানী দলের বিরুদ্ধে ড্র করে সাহসটা বেড়ে গেছে শেখ রাসেলের কোচ দ্রাগান দুকানোভিচের। তিনি আজকের ম্যাচ নিয়ে বলেছেন ‘কোনো বিকল্প নেই আমাকে জিততে হবে। প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। আমার কাছে জেতাটাই আসল। কে প্রতিপক্ষ ভাবছি না। গোল করতে চাই, জিততে চাই।’