এবার এমসিসি প্রধানের দায়িত্বে মরগান
প্রকাশ : ০৮ মে ২০১৪, ২২:২২
ক্রিকেটের মক্কা খ্যাত লন্ডনের লর্ডস ক্রিকেট স্টেডিয়ামের মালিক কর্তৃপক্ষ মেরিলবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) পরবর্তী সভাপতি নির্বাচিত হয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক সভাপতি ডেভিড মরগান। বুধবার একথা জানানো হয়েছে। এমসিসির বর্তমান সভাপতি মাইক গ্যাটিং তার উত্তরসুরী হিসাবে ইংল্যান্ড এন্ড ওয়ালস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা মরগানকে নির্বাচিত করেন। আগামী ১ অক্টোবর তিনি দায়িত্ব গ্রহণ করবেন। গ্যাটিং বলেন, ‘ডেভিড মরগান সব সময়ই বিশ্ব ক্রিকেটে সবচেয়ে সরব ব্যক্তিদের মধ্যে একজন এবং ক্লাব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে তিনি সুন্দরভাবে ক্লাবের নেতৃত্ব দেবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।’ ইংল্যান্ড দলের সাবেক অধিনায়ক বলেন, ‘এমসিসি সভাপতি হিসেবে এ পর্যন্ত পুরো সময়টা আমি বেশ উপভোগ করেছি এবং আমার শেষ কয়েক মাসের মধ্যে লর্ডসের (গ্রাউন্ড) দ্বিশত বার্ষিকী উদযাপন দেখার অপেক্ষায় আছি।’ বাসস