সাব্বির

মডেলিং দিয়ে যাত্রা শুরু হলেও মেধাবী অভিনয়ে মিডিয়াতে নিজের অবস্থান পোক্ত করেছেন এই সময়ের তরুণ মডেল ও অভিনেতা সাব্বির আহমেদ। বর্তমানে বিজ্ঞাপন, নাটক, মেগা সিরিয়ালে নিজের অভিনয় প্রতিভার প্রমাণ দিচ্ছেন তরুণ অভিনেতা। মিডিয়ায় ব্যস্ত জনপ্রিয় এ অভিনেতা সম্পর্কে ব্যতিক্রম কিছু তথ্য থাকছে এবারের আয়োজনে। অনুলিখন করেছেন আহসান রনি সাব্বির আহমেদ ডাকনাম :মনি জন্মতারিখ :১১ এপ্রিল পড়াশোনা :আমি সরকারি কবি নজরুল কলেজের অ্যাকাউন্টিং বিভাগ থেকে অনার্স-মাস্টার্স শেষ করেছি। তাই এখন আর পড়াশোনা নেই। অনুপ্রেরণা :মা ও বড় ভাই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা :‘প্রেম সৈনিক’ নামে একটা নাটকের জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো। ঘোরের মধ্যে ছিলাম। তবে মঞ্চে কাজ করার কারণে নিজের মধ্যে ভীতিটা ছিল না। অভিনেতা না হলে যা হতেন :ক্রিকেটার হতাম। মাশরাফি যেই ক্যাম্প থেকে উঠে এসেছে আমিও সেই ক্যাম্পে শ্রেষ্ঠ পাঁচে ছিলাম। কিন্তু পরবর্তীতে মঞ্চে আকৃষ্ট হয়ে পড়ি। সম্প্রতি দেখা চলচ্চিত্র :ট্রয় (ইংরেজি), চেন্নাই এক্সপ্রেস (হিন্দি), গেরিলা (বাংলা) বারবার শোনা গান :‘মাঝে মাঝে তব দেখা পাই’—অনেক সময়ই নিজের অজান্তে গানটি গেয়ে উঠি। যে বইটি অনেকবার পড়েও আবার পড়ার ইচ্ছা জাগে :আসলে বই পড়ার সময় হয়ে ওঠে না। তবু আমার বই পড়তে ভালো লাগে। কিন্তু একটা বই দুইবার পড়ার সময় হয় না। তবে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পগুলো বারবার পড়তে ইচ্ছা হয়। ফার্স্টফুডে খেতে গেলে প্রথমেই যে অর্ডার দেন :পানির অর্ডার দিই। খাবারের অর্ডার দিতে গেলে শর্মার অর্ডার দেওয়া হয়। আড্ডার সময় বিষয়গুলো :সাহিত্য, উপন্যাস, নাটক, ক্রিকেট ছাড়াও নানা বিষয় নিয়েই আড্ডার সময় আলোচনা হয়। তবে আড্ডা শুরু হয় মিডিয়ার আলোচনা দিয়ে। কী কাজ করছি, কী কাজ করব, মিডিয়ায় কে কী করছে ইত্যাদি বিষয় নিয়ে আর শেষ হয় রাজনৈতিক আলোচনা দিয়ে। স্মরণীয় স্মৃতি :২০০৭ সালের কথা। আমি তখন মঞ্চের কাজে মুর্শিদাবাদ গিয়েছিলাম। আশপাশে ঘুরতে বের হয়েছিলাম। এমন সময় একটি দোকান থেকে কিছু লোক আমাকে ডাকলেন এবং বললেন, ‘তুমি কি বাংলাদেশ থেকে এসেছ?’ আমি উত্তরে হ্যাঁ বলার সাথে সাথে তাদের চোখ ছলছল দেখতে পেলাম। পরে জানলাম এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশে, কিন্তু নানা কারণে তাদের দেশ ছেড়ে ওখানে গিয়ে থাকতে হচ্ছে। এটি মনে পড়লে এখনও আমার চোখ ছলছল করে ওঠে।