বিশ্বের ক্ষুদ্রতম অটোফোকাস লেন্স
প্রকাশ : ০৯ মে ২০১৪, ১৯:৪০
আমাদের মধ্যে যারা ফটোগ্রাফি-পাগল তারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন লেন্সের উপকারিতা বা প্রয়োজন। বিশেষ করে ডিজিটাল ক্যামেরাগুলোতে তো প্রয়োজন হরেক রকম লেন্সে। তবে বেশিরভাগ ডিজিটাল ক্যামেরায় লেন্স ফিক্সড করা থাকে। তবে ডিএসএলআর বা এসএলআর ক্যামেরাগুলোতে লেন্সের বিকল্প নেই। আর যখন কোনো ডিজিটাল কিংবা এসএলআর ক্যামেরা হাতের কাছে থাকে না তখন মানুষ নির্ভর করে মোবাইল ক্যামেরার উপর। আজকালকার মোবাইলগুলোরও বেশ ভালো রেজ্যুলেশন। সেখানে আইফোন, গ্যালাক্সি ফোনগুলোর তো তুলনাই হয় না। তবে সম্প্রতি এই মোবাইলগুলোও বিপদে পড়তে যাচ্ছে। কারণ ইতোমধ্যে আবিষ্কৃত হয়েছে মোবাইল ডিভাইসে ব্যবহারের জন্য বিশ্বের ক্ষুদ্রতম অটোফোকাস লেন্স। এই লেন্স তৈরি করেছেন অসলোর সিনটেফ রিসার্চের গবেষকরা। এ লেন্সটি অ্যাপল এবং নকিয়া তাদের ডিভাইসে ব্যবহার করবে এমনটা ভেবেই তৈরি করা হয়েছে। অসলোর সিনটেফ রিসার্চের গবেষকরা ৬ বছর আগে শক্তিসাশ্রয়ী এ লেন্স তৈরির কাজ শুরু করেন। ক্ষুদ্র অপটিক্যাল সিস্টেমে এ লেন্সটিতে অটোফোকাসের দুর্দান্ত সুবিধা রয়েছে। গবেষকরা আরও জানিয়েছেন, ক্ষুদে এ লেন্সটি মানুষের চোখের মতো কাজ করতে সক্ষম। মানুষের চোখের পেশিগুলো যেভাবে কাজ করে এ লেন্সের অটোফোকাস পদ্ধতিটিও ঠিক সেভাবেই কাজ করে। দলের বিশেষ গবেষক, ড্যাগ ভ্যাং জানিয়েছেন, লেন্সটি তৈরিতে ব্যবহার করা হয়েছে পাতলা প্লাস্টিক গ্লাস, পলিমার, জেল এবং ধাতব পদার্থ। এগুলোকে অ্যান্ড্রয়েডের ‘স্যান্ডউইচ’ করেই এ লেন্স তৈরি হয়েছে বলে জানিয়েছেন গবেষক ভ্যাং।