ইংল্যান্ড সফরে ভারতীয় দলের ভাল করার ব্যাপারে আশাবাদী কার্স্টেন
প্রকাশ : ০৯ মে ২০১৪, ২২:০০
সর্বশেষ ২০১১ সালের সফরে ০-৪ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া সত্ত্বেও আসন্ন সফরে ইংল্যান্ডের পেস সহায়ক উইকেটে ভারতীয় দলের ভাল করতে না পারার কোন কারণ দেখছেন না সাবেক কোচ গ্যারি কার্স্টেন। দিল্লী ডেয়ারডেভিলসের একটি অনুষ্ঠানে কার্স্টেন বলেন, ‘তিন বছর আগে আমি তাদের কোচ ছিলাম। সে সময় তাদের দলটা বেশ ভাল ছিল। দেশের বাইরে খেলতে যাওয়াটা সবসময়ই কঠিন। তবে নিজেদের প্রমাণ করতে তারা সর্বোচ্চ চেষ্টা করবে বলে আমি জানি। আমার ধারণা, পেস সহায়ক ইংলিশ উইকেটে এটা খুবই উপভোগ্য একটা সিরিজ হবে।’
ভারতের তারকা খচিত ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে স্টুয়ার্ট ব্রড-জেমস অ্যান্ডারসনদের নিয়ে গড়া ইংল্যান্ডের বোলিং বিভাগের দারুণ এক লড়াই সেখানে দেখা যাবে বলে মনে করছেন এই সাবেক দক্ষিণ আফ্রিকান ওপেনার। দেশের বাইরে ভারতীয় ব্যাটসম্যানরা এবার ভাল কিছু দেখাতে পারবেন বলেই আশাবাদী কার্স্টেন, ‘ভারতীয় দলের ভাল ক্রিকেট না খেলতে পারার আমি কোন কারণ দেখছি না এবং এ সিরিজে তাদের ভাল না করার কোন কারণ দেখছি না।’
আসন্ন ইংল্যান্ড সফরে ভারত ৯ জুলাই-১৯ আগস্ট পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। তার আগে খেলবে পাঁচ ওয়ানডে এবং একটি টি-২০।
২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের কোচের দায়িত্ব পালন করা কার্স্টেন বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দিল¬ী ডেয়ারডেভিলসের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন। দুই দলের কোচিং করানোর মধ্যে পার্থক্য কি জিজ্ঞাসা করা হলে দক্ষিণ আফ্রিকার সাবেক এ টেস্ট খেলোয়াড় বলেন, ‘ভারতীয় দলের কোচিং করানোটা ছিল অনেক বড় স্বপ্ন। তবে আইপিএলও চমত্কার একটি টুর্নামেন্ট।’-বাসস