টেস্ট অধিনায়কত্বও হারালেন স্যামি
প্রকাশ : ০৯ মে ২০১৪, ২২:০১
তিনি সেরা একাদশে থাকার উপযুক্ত কি না, তা নিয়ে বিতর্ক আছে। তবে ড্যারেন স্যামির নেতৃত্বগুন; বিশেষ করে ছন্নছাড়া ওয়েস্ট ইন্ডিজকে একত্রিত করার ক্ষমতা নিয়ে কারো সন্দেহ নেই। তারপরও এই গুন দিয়ে আর নেতৃত্বটা ধরে রাখতে পারলেন না স্যামি।
আগেই গুঞ্জন শোনা গিয়েছিল। আর গতকাল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি) টুইটারে জানিয়ে দিল, ড্যারেন স্যামির বদলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিনেশ রামদিনকে করা হয়েছে তাদের টেস্ট অধিনায়ক। আগেই ওয়ানডে অধিনায়কত্ব হারানো স্যামির হাতে এখন রইলো শুধু টি-টোয়েন্টি দল।
কেন এই সিদ্ধান্ত, সেটা আনুষ্ঠানিকভাবে ডব্লুআইসিবি এখনও জানায়নি। তারা টুইটারে শুধু লিখেছে, ‘উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিনেশ রামদিনকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক করা হয়েছে। তাকে অভিনন্দন।’
তবে আসল কারণটা নিশ্চয়ই স্যামির পারফরম্যান্স। দলে নেতা হিসেবে সবার ভালোবাসার পত্র হলেও টেস্ট ও ওয়ানডেতে একদমই দলে থাকার মতো পারফরম করতে পারছিলেন না তিনি। তাই আবারও গৃহবিবাদের ঝুকি নিয়েও এই সর্বজনপ্রিয় স্যামিকে সরিয়ে দিলো ডব্লুআইসিবি।
এর আগেই ত্রিনিদাদ গার্ডিয়ান পত্রিকা গতকাল নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্রের বরাত দিয়ে জানিয়েছিল, এই সিদ্ধান্ত আসছে। সূত্রটি বলেছিল, ‘দল নির্বাচক প্যানেলের চেয়ারম্যান ক্লাইডে বাটস রামদিনকে ফোন করেছেন এবং টেস্ট দলের নেতৃত্ব দিতে চান কিনা, তা জানতে চেয়েছে। চ্যালেঞ্জ মোকাবেলা করতে তিনি প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন রামদিন এবং এ সিদ্ধান্ত ডবি¬উইসিবি’কে জানিয়ে দেয়া হয়েছে। নিউজিল্যান্ড সিরিজে কে দলের নেতৃত্ব দেবেন টেলিকনফারেন্সের পরই তা জানা যাবে।’
২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্ব পান স্যামি। কিন্তু গত বছর ওয়ানডে দলের নেতৃত্ব দেয়া হয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে। টেস্ট ও টি-২০ দলের নেতৃত্বে থাকেন স্যামি। কিন্তু গত বছর ভারত ও নিউজিল্যান্ড সফরে টেস্ট ফলের কারণে তার স্থান নড়বড়ে হয়ে যায়।
স্যামির আমলে দলে শৃংখলা ও একতা ফিরে এসেছে ঠিকই কিন্তু টেস্ট র্যাংকিংয়ে ক্যারিবীয় দলটি রয়েছে ৮ নম্বরে।
অতীতে স্যামির ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন রামদিন। কিন্তু রামদিনকে ঘিরে রয়েছে অনেক বিতর্ক।