‘এ’ দলের সফর

নির্বাচকদের পাখির চোখ

চলতি মাসের শেষ দিকেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ দল। এই সফরে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। তবে এই সফরটাকে স্রেফ ‘এ’ দলের আরেকটা সফর হিসেবে ঠিক নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগস্ট মাসেই আবার যেহেতু জাতীয় দলের ক্যারীবিয় সফর আছে, এটাকে তাই একটা প্রস্তুতি হিসেবে নিচ্ছেন তারা। আর সে জন্যই ওয়েস্ট ইন্ডিজগামী ‘এ’ দলটা হয়ে উঠতে পারে ‘প্রায় জাতীয় দল’। এই ‘এ’ দলের খেলোয়াড়দের ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছেন নির্বাচকরা। এখন সেটা বোর্ডের অনুমতি পাওয়ার অপেক্ষা। তবে গতকাল প্রধান নির্বাচক ফারুক আহমেদ নিজেই বললেন, এটাকে তারা জাতীয় দলের হয়ে ‘এ’ দলের ‘রেকি সফর’ হিসেবেই দেখছেন, ‘এই ‘এ’ দলের সফরটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আগস্ট-সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছি। তার আগে এই সফরে নতুন কিছু ছেলেদের দেখার সুযোগ থাকছে। টেস্টে তাদের পারফরম্যান্স কেমন হতে পারে সেটা বোঝা যাবে। কিছু জাতীয় দলের ক্রিকেটার ও বাইরের ক্রিকেটার নিয়েই এ জন্য আমরা ‘এ’ দলটা সাজিয়েছি।’ একই সঙ্গে এই সফরটা ভারতের বিপক্ষে সিরিজের জন্যও খেলোয়াড়দের কোয়ালিটি ক্রিকেটের মধ্যে রাখবে বলেও আশাবাদী ফারুক, ‘জুনে ভারত এখানে আসবে । জুনের শুরুতে আমাদের ওয়েস্ট ইন্ডিজে দ্বিতীয় চারদিনের ম্যাচ শেষ হবে। ‘এ’ দল থেকে যারা জাতীয় দলের খেলার মতো দ্বিতীয় ম্যাচ খেলে আমরা তাদের দেশে ফেরত নিয়ে আসবো। ফলে তারা ভালো একটা অভিজ্ঞতা নিয়ে ভারতের বিপক্ষে খেলতে পারবে।’