গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক বন্দির মৃত্যু হয়েছে। বুধবার বিকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ ঘটনা ঘটে। তার নাম আব্দুল্লাহ আল তামিম (২৮)। তিনি জামালপুরের ইসলামপুর থানার ইসলামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি তার চাচাতো ভাইয়ের সঙ্গে ঢাকার তেজগাঁওয়ে বসবাস করতেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেলসুপার (ভারপ্রাপ্ত) সুব্রত কুমার বালা জানান, তামিম ঢাকার উত্তরখান থানার বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য মামলার আসামি। গত ১৮ অক্টোবর থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। বুধবার বিকাল ৩টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালের আবাসিক চিকিত্সক প্রণয় ভূষণ দাস জানান, বিকাল ৪টা ১৫ মিনিটে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
তামিমের চাচা আব্দুস সামাদ জানান, আব্দুল্লাহ আল তামিম তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সদস্য ছিলেন।