প্রাইমারি এডুকেশন সার্ভিস এসোসিয়েশনের আল্টিমেটাম

স্বতন্ত্র ক্যাডার, প্রেষণে নিয়োগ বন্ধ করে সর্বস্তরে পদোন্নতি, সার্বজনীন নিয়োগ বিধি, বেতন স্কেল বৈষম্য দূরসহ আট দফা দাবি জানিয়েছে প্রাইমারি এডুকেশন সার্ভিস এসোসিয়েশন। শনিবার রাজধানীর এলজিইডি ভবন মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষায় সাফল্য অর্জনে অংশীজনের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর কাছে এসব দাবি তুলে ধরা হয়। আগামী তিনমাসের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলনেরও হুমকি দেন সংগঠনটির নেতারা। সমিতির আহ্বায়ক ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) উপ-পরিচালক নবী হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন। অনুষ্ঠানে সংসদ সদস্য আলী আজম মুকুল, প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেন, ডিপিই মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ আলী রেজা, পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।