নাসিরের হাতে প্রায় জাতীয় দল

আগের দিনই প্রধান নির্বাচক ফারুক আহমেদ আভাস দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজগামী ‘এ’ দলটা হবে জাতীয় দলের ‘রেপ্লিকা’। গতকাল দল ঘোষণা করার পর সত্যিটা বোঝা গেল। এই ‘এ’ দলে আটজন টেস্ট ক্রিকেটার! জাতীয় দলের শীর্ষ চার-পাঁচ জন ক্রিকেটার বাদে প্রায় সবাইকে নিয়েই আগামী ২২ মে প্রায় এক মাসের সফরে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। দলের অধিনায়কত্ব করবেন অধুনা ফর্ম হারিয়ে ফেলার পর গতকালই বিসিএলে ৭০ রানের ইনিংস খেলা নাসির হোসেন। সফরে বাংলাদেশ দুটি চারদিনের ম্যাচ খেলবে যথাক্রমে ২৬ মে ও ২ জুন থেকে। এরপর তিনটি একদিনের ম্যাচ হবে ৮, ১০ ও ১২ জুন। ১৪ ও ১৫ জুন তারা খেলবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। সব খেলা হবে বারবাডোজের বিভিন্ন ভেন্যুতে এবং সব ম্যাচে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের হাই পারফরম্যান্স সেন্টার। প্রথম দুটি চারদিনের ম্যাচ খেলার পর জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার ভারতের বিপক্ষে সিরিজ খেলতে ফিরে আসবেন। অধিনায়ক নাসির হোসেনও বলছেন, এটা তাদের জন্য ভালো পারফরম্যান্স করে ছন্দে ফেরার দারুণ একটা সুযোগ। নাসির বলছেন, এটা ব্যক্তিগতভাবে তার জন্যও খুব উপকারের একটা সফর হয়ে উঠতে পারে, ‘ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছি; ওই কন্ডিশনে আমি এর আগেও খেলেছি। ওখানের কন্ডিশনে যদি আমি ভালো খেলতে পারি, বেশিক্ষণ ধরে ব্যাটিং করতে পারি; আমার ক্যারিয়ারের জন্যই অনেক উপকার হবে।’ তবে তরুণ নাসিরের জন্য আরেকটা চ্যালেঞ্জ থাকবে এক ঝাঁক জাতীয় দলের তারকাকে সামলানো। এই চ্যালেঞ্জটা ইতিবাচকভাবেই নিচ্ছেন নাসির, ‘চ্যালেঞ্জিং তো অবশ্যই। আমি এখানেও (বিসিএলে) অধিনায়কত্ব করছি। এখানেও সিনিয়র খেলোয়াড় আছেন। আমার মনে হয় না খুব বেশি একটা সমস্যা হবে। কারণ আমরা অনেকে অনেকদিন ধরে একসাথে খেলছি। তাছাড়া অনেক সিনিয়র খেলোয়াড় থাকায় সহযোগিতাও ভালো পাওয়া যাবে বলে আশা করি।’ বাংলাদেশ ‘এ’ দল নাসির হোসেন (অধিনায়ক), নাঈম ইসলাম (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, সামসুর রহমান, মুমিনুল হক, মার্শাল আইয়ুব, আব্দুল মজিদ, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান, সোহাগ গাজী, মুক্তার আলী, ইলিয়াস সানি, রবিউল ইসলাম, শুভাশিষ রায়, তাইজুল ইসলাম।