টেস্টই ছেড়ে দিলেন স্যামি
প্রকাশ : ১০ মে ২০১৪, ২২:১৪
টেস্ট অধিনায়কত্ব হারানোর কয়েক ঘন্টার মধ্যে এই ফরম্যাট থেকেই অবসর নিয়ে ফেললেন ড্যারেন স্যামি। তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে (ডব্লুআইসিবি) জানিয়ে দিয়েছেন, টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিতে তার সমস্যা নেই। একই সঙ্গে ওয়ানডে ক্রিকেটও চালিয়ে যেতে চান তিনি।
এর আগে শুক্রবার ডব্লুআইসিবি জানিয়ে দেয় যে, স্যামির বদলে টেস্ট দলের অধিনায়কত্ব করবেন দিনেশ রামদিন। এই জোড়া ঘোষণার ফলে শেষ হয়ে গেল স্যামির ৭ বছরের বর্ণময় টেস্ট ক্যারিয়ার; পারফরম্যান্সের চেয়েও নেতৃত্বের কারণে আলোচিত। ২০০৭ সালে ২৩ বছর বয়সে সেন্ট লুসিয়ার প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে দলে সুযোগ পান অলরাউন্ডার স্যামি। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে ৬৬ রানে ৭ উইকেট নিয়ে আলোচিত হয়েছিলেন। এরপর মাত্র ৮ টেস্টের অভিজ্ঞতা নিয়ে ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্ব পান স্যামি। মূলত ক্রিস গেইলের সঙ্গে ডব্লুআইসিবির চরম মতবিরোধের ফলে বোর্ড এই সিদ্ধান্ত নেয়। দায়িত্ব নেয়ার পর থেকে একরকম নির্ঝঞ্জাট সময়ই কাটাচ্ছিলেন স্যামি।
কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় তার নিজের পারফরম্যান্স। বিশেষ করে টেস্টে তার পারফরম্যান্স তলানিতে গিয়ে ঠেকে; একাদশেই জায়গা অনিশ্চিত হয়ে পড়ে। ফলে গত বছর ওয়ানডে দলের নেতৃত্ব দেয়া হয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে। টেস্ট ও টি-২০ দলের নেতৃত্বে থাকেন স্যামি। কিন্তু গত বছর ভারত ও নিউজিল্যান্ড সফরে বাজে পারফরম্যান্সের কারণে তার স্থান নড়বড়ে হয়ে যায়।