কৃষ্ণাঙ্গদের কোটা বাড়ছে দক্ষিণ আফ্রিকায়

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে আগামী মৌসুম থেকে বর্ণবাদ কোটার প্রচলন বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানা গেছে। আগামী মৌসুম থেকে দলগুলোকে প্রতি ম্যাচে কমপক্ষে পাঁচজন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার মাঠে নামাতে হবে বলে জানা গেছে। ২০১৪-১৫ মৌসুমে প্রাদেশিক সৌখিন দলগুলোকে কমপক্ষে ছয়জন কৃষ্ণাঙ্গ খেলোয়াড় মাঠে নামাতে হচ্ছে। স্পোর্টস ২৪ পরিবেশিত খবরে বলা হয়, বর্তমান বর্ণবাদ কোটার নিয়মানুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে সেরা একাদশে কমপক্ষে একজন দক্ষিণ আফ্রিকান কৃষ্ণাঙ্গ ক্রিকেটারকে মাঠে নামাতে হচ্ছে। বর্তমান নিয়মের সঙ্গে নতুন করে কালো খেলোয়াড় সংখ্যা বাড়ানো হচ্ছে। যে সকল দল একাধিক কালো খেলোয়াড় মাঠে নামাচ্ছে সে সকল দলকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ৭০ শতাংশের বেশি আর্থিক সুবিধা দিচ্ছে বলে জানা গেছে। দেশটির ক্রীড়ামন্ত্রী ফিকিল মাবালুলা জাতীয় পর্যায়ে ৬০-৪০ শতাংশ কালো খেলোয়াড় অন্তর্ভুক্ত করার হুমকি দেয়ার পর এ প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। নতুন এ নিয়মটি আগামী ৩ জুন সিএসএ’র বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে তোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।-বাসস