ম্যান সিটির শিরোপা পুনরুদ্ধার
প্রকাশ : ১১ মে ২০১৪, ২২:২৪
ম্যানচেষ্টার সিটি ২ ওয়েস্ট হ্যাম ০
লিভারপুল ২ নিউক্যাসল ১
কার্ডিফ সিটি ১ চেলসি ২
নরউইচ সিটি ০ আর্সেনাল ২
সাউদাম্পটন ১ ম্যানচেষ্টার ইউনাইটেড ১
নাটকীয় এক প্রিমিয়ার লিগ মৌসুমে আক্রমনণাত্মক ফুটবল খেলে ম্যানচেস্টার সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা তুলে নিলো। গতকাল রবিবার দলটি নিজেদের মাঠ ইত্তেহাদ স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে জিতে তিনবছরের মধ্যে দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা জিতে নেয়। সিটির গোলদুটি করেন সামির নাসরি ও ভিনসেন্ট কম্পানি। মূলত ৩৯ মিনিটে নাসরির ২৫ গজ দূর থেকে নেয়া দুরন্ত শটের গোলটিই সিটিকে খেলার নিয়ন্ত্রণ এনে দেয়। দশ মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক কম্পানি। শেষ পর্যন্ত তাই ধরে রেখে শিরোপা নিশ্চিত করে মরু ধনকুবেরদের দলটি। রেফারির শেষ বাঁশির পর সিটি সমর্থকরা বাঁধভাঙ্গা আনন্দে হাজারে হাজারে মাঠে জড়ো হয়ে উল্লাস করতে থাকে। নাসরি খেলা শেষে বলেন, ‘এটা দারুণ এক অনুভূতি। তিন বছরের মধ্যে আমার দ্বিতীয় শিরোপা। বছর জুড়ে এটা ছিল দারুণ একটা লিগ। এই অনুভূতি ভাষায় প্রকাশের মতো নয়। আমি কোচের জন্যও খুব আনন্দিত। কেননা ইংল্যান্ডে এটা তার প্রথম শিরোপা। আমি মনে করি লিভারপুলের বিরুদ্ধে চেলসির খেলাটাই মৌসুমের মোড় ঘুরিয়ে দেয়।’
কোচ ম্যানুয়েল পেলিগ্রিনির দলটির এদিন চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করতে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ড্র পেলেই চলতো। সে তুলনায় দুই সপ্তাহ আগেও প্রিমিয়ার লিগ জয়ে জোর ফেভারিট লিভারপুলের জন্য কাজটি ছিল কঠিন। কেননা ১৯৯০ সালের পর প্রথম শিরোপা জিততে হলে এদিন তাদের কেবল নিউক্যাসলের বিরুদ্ধে জিতলেই চলতো না, এ জন্য সিটির হারও দরকার ছিল। বাস্তবে এমনটি ঘটেনি। বরং মার্টিন স্কারটেলের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে হারের শংকা জাগালেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিততে সক্ষম হয় লিভারপুল। ৬৩ ও ৬৫ মিনিটে গোল দুটি করেন অ্যাগার ও স্টারিজ।
ম্যানচেস্টার সিটি ৩৮ খেলা শেষে ৮৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হলো। অপরদিকে ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করলো লিভারপুল। চেলসি ২-১ গোলে কার্ডিফ সিটিকে হারিয়ে ৭৯ পয়েন্ট পেয়ে তৃতীয় এবং আর্সেনাল ২-০ গোলে নরউইচের বিরুদ্ধে জিতে চতুর্থ স্থান পায়।
এ খেলাটির আগে সিটি চলতি মৌসুমে কেবল ১৪ দিন পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। লিভারপুল শীর্ষে ছিল ৫৯ দিন। সবচেয়ে বেশি ১২৮ দিন শীর্ষে থেকেও আর্সেনাল শেষ দিকে কুলিয়ে উঠতে পারেনি। ৬৪ দিন শীর্ষে থাকা চেলসি পেয়েছে তৃতীয় স্থান। গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড এবার কতটা দুর্দশায় ছিল তা বোঝা যায় দলটির কেবল দুই দিন শীর্ষে থাকার ঘটনায়।
লিভারপুলের জন্য অনেকেই বেদনাহত হবেন। কেননা কোচ ব্রেন্ডন রজার্সের দলটি গেল মৌসুমে চ্যাম্পিয়ন ইউনাইটেডের চাইতে ২৮ পয়েন্টে পিছিয়ে থেকে সপ্তম হলেও এবার টানা ১১ খেলায় জিতে শিরোপা জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু শীর্ষে থাকা অবস্থাতেই নিজ মাঠে চেলসির কাছে হেরে সিটিকে উঠে আসার সুযোগ করে দেয়। পরে ক্রিস্টাল প্যালেসের মাঠে তিন গোলে এগিয়ে থাকার পরও ৩-৩ ব্যবধানের ড্রয়ে বাধ্য হয়ে দলটি শিরোপা লড়াই থেকে একরকম ছিটকেই যায়।