মহসিনকে মামলা করার পরামর্শ দিল পিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বলেছে, দলের প্রধান কোচ ওয়াকার ইউনিসের নিয়োগ দেয়া নিয়ে সাবেক অন্তর্বর্তীকালীন কোচ মহসিন খান ইচ্ছে করলে আদালতে যেতে পারেন। মহসিন কোন সাক্ষাত্কার ছাড়াই দুই বছরের জন্য ইউনিসকে নিয়োগ দেয়ার সমালোচনা করার পাশাপাশি এ নিয়োগ নিয়ে আদালতে যাওয়ার হুমকি দেন পিসিবিকে। তবে পিসিবি ম্যানেজমেন্ট কমিটির সদস্য জহির আব্বাস ইউনিসের নিয়োগকে সমর্থন করে বলেছেন, ২০১০ সালের ফেব্রুয়ারি থেকে ২০১১ সালের সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা ওয়াকার দলকে এগিয়ে নেয়ার জন্য যথোপযুক্ত ব্যক্তি। তিনি আরো বলেন, ওয়াকারের সামর্থ্য এবং দুর্বলতা সম্পর্কে তারা বেশ ভালভাবেই সচেতন। পিসিবি ডিরেক্টর ইন্তিখাব আলম বলেন, আদালতে মামলা করার অধিকার অবশ্যই মহসিনের আছে। অবশ্য তার সঙ্গে পিসিবি আদালতে কোনপ্রকার লড়াইয়ে জড়াবে না। কয়েকদিন আগে ঐ সাক্ষাত্কারে, পাকিস্তানের কোচের পদটি তার প্রাপ্য ছিল বলেও দাবি করেন মহসিন।-বাসস