মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে জিয়াউদ্দিন-মনিরুল হক প্যানেল ঘোষণা
প্রকাশ : ১১ মে ২০১৪, ২২:২৫
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট। কাউন্সিলের চেয়ারম্যান পদে মেজর (অব.) জিয়া উদ্দিন এবং মহাসচিব পদে মো. মনিরুল হককে প্যানেলের পক্ষে মনোনয়ন দেয়া হয়েছে।
রবিবার জাতীয় প্রেস ক্লাবে প্যানেল পরিচিতি সভায় এ তথ্য জানানো হয়। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ৪১টি পদের বিপরীতে এই প্যানেলভুক্ত প্রার্থীদের পরিচিতি তুলে ধরা হয়।
মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ভাইস চেয়ারম্যান মো. সামছুম কাউনাইন কুতুব, মো. আবুল হোসেন সিকদার, এ এম হাবিব উল্লাহ খান, এম ফরিদ উদ্দিন, মো. শাহ আলম, শচীন কর্মকার, মহসচিব (অর্থ ও পরিকল্পনা) হাফিজ মাহবুবুর রহমান, মহাসচিব (কল্যাণ ও পুনর্বাসন) নাজমুল হাসান পাখী, যুগ্ম মহাসচিব লেলিন ওয়াসিউজ্জামান, আক্তারুজ্জামান তারা, আমেনা সুলতানা বকুল, মো. ফজলুল হক বেগ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ছাইদুজ্জামান তারা, খন্দকার ছদরুল হক, এডভোকেট রফিকুল ইসলাম, মো. ইব্রাহিম।
প্যানেলের পক্ষে চেয়ারম্যান প্রার্থী মেজর (অব.) জিয়া উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর নৃশংস হত্যার পর দেশ অন্ধকারে নিমজ্জিত হয়। স্বাধীনতা বিরোধী অপশক্তি রাজনীতি করার সুযোগ পায়। এদের প্রতিহত করতে দেশপ্রেমিক জনগণের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এক্ষেত্রে অতীতে বিভিন্ন সময় সংসদ কার্যকর ভূমিকা রাখতে পারেনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ বীর উত্তম। আগামী ৪ জুন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জিয়া উদ্দিন-মনিরুল হক প্যানেল ছাড়াও আরো তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।