স্টার্টআপ বুটক্যাম্প ২২-২৪ মে

স্টার্টআপ ঢাকা, সিআরডিএফ গ্লোবাল এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের উদ্যোগে আগামী ২২ থেকে ২৪ মে গ্লোবাল ইনোভেশন থ্রু সায়েন্স এন্ড টেকনোলজি (জিআইএসটি) স্টার্টআপ বুটক্যাম্প অনুষ্ঠিত হবে। শতাধিক আবেদন থেকে বাছাই করা ৩০টি সেরা সম্ভাবনাময় প্রযুক্তি স্টার্টআপ তিনদিনের এই মেন্টরশিপ ও ট্রেনিং প্রোগ্রামে অংশ নেবে। এই কর্মসূচি তাদের ব্যবসাকে এগিয়ে নিতে সহায়ক হবে। আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় আন্তর্জাতিক মানের দেশি-বিদেশি মেন্টররা উদ্যোক্তা প্রশিক্ষণ, প্রয়োজনীয় ব্যবসা দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে সামষ্টিক এবং পৃথকভাবে সহায়তা পাবেন অংশগ্রহণকারীরা। এই ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে, উদ্যোক্তাদের প্রয়োজনীয় সরঞ্জাম, কৌশল এবং আত্মবিশ্বাস যোগানো। প্রশিক্ষণ নেয়া সেরা ৭ প্রতিযোগী সুযোগ পাবেন ডেমো’ডেতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে দেশের এবং যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের সামনে নিজের স্টার্টআপ আইডিয়া তুলে ধরার। বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণের সাথে তারা জিততে পারবেন বিভিন্ন পুরস্কার ও সিড ফান্ডিং। সেরা ৫ প্রতিযোগী আরও পাবেন ৩ মাসের ভার্চুয়াল মেন্টরশিপের সুবিধা। উল্লেখ্য, স্টার্টআপ বুট ক্যাম্প এবং ডেমো ডে সাজানোই হয়েছে বাংলাদেশের প্রযুক্তিগত উদ্যোগগুলোর জন্য। এই আয়োজনে উদ্যোক্তারা সুযোগ পাবেন নিজ ব্যবসাকে গতিময় করতে। -প্রেস বিজ্ঞপ্তি