বিনিয়োগ না হওয়ায় অর্থ বিদেশে পাচার হচ্ছে :অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের প্রধান সমস্যা হলো ‘বিনিয়োগ’। আর বিনিয়োগ না হওয়ার ফলে অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে। দেশে বিনিয়োগ না হওয়ার জন্য বিভিন্ন কারণ বিশ্লেষণ করে অর্থমন্ত্রী বলেছেন, অনেকেই ব্যাংক সুদের হার কমাতে বলেন কিন্তু তারাই আবার ব্যাংকের বোর্ড সভায় গিয়ে তা ভুলে যান। সুদ হার কামতে ব্যাংক স্প্রেড (আমান ও ঋণের সুদ হারের ব্যবধান) কমাতে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করলেও তা সফল হচ্ছে না। বিগত রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগ বাধাগ্রস্ত হলেও আস্থার অভাবে দেশে বেসরকারি বিনিয়োগ হচ্ছে না, এটা মানতে নারাজ অর্থমন্ত্রী। শনিবার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জব্দকৃত ব্যাংক হিসাব খুলে দেয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাই তখন ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিলো, এর দুটি একাউন্টে খুব বেশি অর্থ নেই, তবে ‘ফাইল’ না দেখে কিছু বলা যাবে না। বিনিয়োগবান্ধব বাজেট করার দাবি আগামী অর্থবছরের বাজেট বিনিয়োগ বান্ধব ও কর্মসংস্থানমুখী করার দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ ও শিল্প উদ্যোক্তারা। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও এনটিভির যৌথ উদ্যোগে আয়োজিত ‘কেমন বাজেট চাই ২০১৪-১৫’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।