কৃত্রিম রোবটিক হাতের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

জন্মগতভাবে কিংবা দুর্ঘটনায় যারা নিজেদের হাত বা পা হারিয়েছেন, তাদের জন্য কৃত্রিম হাত এবং পা তৈরির জন্য গবেষণা চলে আসছে দীর্ঘদিন ধরে। বিশ্বের অনেক দেশেই কৃত্রিম হাত এবং পা তৈরির জন্য প্রচেষ্টা চালিয়ে আসছেন গবেষকরা। এর মধ্যে কৃত্রিম পা তৈরিতে বেশকিছু সাফল্যও মিলেছে। তবে হাতের নড়াচড়া তুলনামূলকভাবে জটিল হওয়ায় বাস্তব হাতের মতোই কর্মক্ষম কৃত্রিম হাত খুব বেশি তৈরি হয়নি। তবে এবারে যুক্তরাষ্ট্রের ডেকা রিসার্চ ফার্মের তৈরি কৃত্রিম হাত অর্জন করেছে সাফল্য। যে কারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই কৃত্রিম হাত ব্যবহারের আনুষ্ঠানিক অনুমতি প্রদান করেছে। বাস্তব হাতের বিভিন্ন কাজের অনুরূপ অনেক কাজই করতে সক্ষম ডেকা রিসার্চ ফার্মের এই কৃত্রিম হাত। খাওয়া থেকে শুরু করে পোশাকের বোতাম লাগানো কিংবা দরজা খোলার মতো কাজগুলোও এর মাধ্যমে সহজেই করা যায়। যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সির (ডারপা) আর্থিক সহায়তায় পরিচালিত হয়েছে এই কৃত্রিম হাত তৈরির প্রকল্প। এর জন্য প্রায় ৪০ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে। কৃত্রিম এই রোবটিক হাত দেখতেও সাধারণ হাতের মতোই। এই হাত প্রসঙ্গে ডারপা মুখপাত্র জাস্টিন সানচেজ বলেন, ‘যারা বিভিন্ন কারণে নিজের হাতটি হারিয়েছেন, তাদের নিজের প্রকৃত হাতের খুব কাছাকাছি অনুভূতি দিকে সক্ষম হবে এই রোবটিক হাত। এর মাধ্যমে খুব কোমল বস্তুকেও যেমন সঠিকভাবে ধরা যাবে, তেমনি ড্রিল করার মতো কঠিন কাজও আয়ত্ত করা যাবে।’ যাদের হাত অকেজো, তাদের জন্য এই কৃত্রিম হাত সহায় হয়ে উঠবে বলে আশা করছে এফডিএ।