পুষ্টিগুণ : সবার জন্যই বাদাম উপকারী
প্রকাশ : ১২ মে ২০১৪, ১৯:৫১
বাদাম খেতে কমবেশি সবাই পছন্দ করেন। তাই আড্ডা বা পার্কের বেঞ্চের প্রিয় খাবারটি হলো বাদাম ভাজা। আমাদের দেশে চিনা বাদাম, কাজু বাদাম, কাঠ বাদাম ও পেস্তা বাদাম পাওয়া যায়। আর এই সব বাদামের পুষ্টিগুণও অনেক। বাদামের পুষ্টিগুণ নিয়ে এবারের আয়োজন। লিখেছেন খালেদ আহমেদ
ভাজা বাদামের চেয়ে শুধু খোসা ছাড়ানো বাদামই যথেষ্ট পুষ্টিসমৃদ্ধ। এতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন, যা দেহ গঠনে ও মাংসপেশি তৈরিতে সাহায্য করে। বাদামের অলিক অ্যাসিড নামের উপাদান রক্তের খারাপ চর্বি বা কোলেস্টেরলের মাত্রা কমায় এবং উপকারী কোলেস্টেরল বাড়িয়ে দেয়। তারুণ্যকে দীর্ঘ সময় ধরে রাখতে এর ভূমিকা অপরিহার্য। এতে ভিটামিন ‘বি’ রয়েছে পর্যাপ্ত। সেইসাথে রয়েছে খনিজ লবণ ম্যাগনেসিয়াম। দেহের জন্য জরুরি এই উপাদানটি দাঁত ও দাঁতের মাড়িকে মজবুত করে এবং ত্বক ও চুলকে করে উজ্জ্বল, মসৃণ। শুধু চিনা বাদাম নয়, কাজু বাদাম, কাঠ বাদাম ও পেস্তা বাদাম খেতে হবে কমবেশি। প্রয়োজনে বিভিন্ন খাবারের সাথে বাদাম ব্যবহার করতে পারেন। এতে খাবারের স্বাদ কিছুটা হলেও বদলে যাবে। এছাড়া পরিবারের সবার জন্য সপ্তাহের ছুটির দিনে বাদাম দিয়ে বিশেষ রেসিপি তৈরি করতে পারেন। বিশেষ করে বাড়ন্ত শিশুদের জন্য বাদাম খুবই উপকারী। তাই আপনার সন্তানের প্রতিদিনের খাবারের মধ্যে বাদাম অন্তর্ভুক্ত করুন। প্রয়োজনে স্কুলের টিফিন অথবা বিকেলের নাস্তায় বাদামের হালুয়া তৈরি করে দিতে পারেন।
ডায়াবেটিস ও হূদরোগে উপকারী
বাদামের মধ্যে আছে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ উপাদান। পরপর ১০ সপ্তাহ ধরে বাদাম খেলে ডায়াবেটিস রোগীর রক্তের মধ্যে চিনির পরিমাণ শূন্য দশমিক চার শতাংশ কমে যায়। গবেষণায় দেখা গেছে, যথাযথ পরিমাণে বাদাম খেলে হূদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাদাম না খাওয়া লোকদের তুলনায় ৩৫ শতাংশেরও কম। তবে ডায়াবেটিসের কারণে কিডনি বিকল হলে তখন বাদাম খাওয়া যাবে না।
আয়রন তৈরিতে সহায়ক
শরীরে রক্ত তৈরির অন্যতম উপাদান হলো আয়রন। আয়রন সুষ্ঠুভাবে তৈরি হওয়ার জন্য বাদামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণে গর্ভস্থ শিশু, বাড়ন্ত শিশু, বয়স্কদের জন্য বাদাম উপকারী খাবার।
ডায়রিয়া-পরবর্তী জটিলতায়
যেসব শিশুর বারবার ডায়রিয়া হয়, তাদের জন্যও বাদাম জরুরি পথ্য। কারণ বাদামে জিঙ্কের পরিমাণ বেশি। আর জিঙ্ক ডায়রিয়া-পরবর্তী জটিলতা দূর করতে সাহায্য করে।
ওজন কমায়
বাদামের পুষ্টিমূল্য সংক্রান্ত আন্তর্জাতিক ফোরামে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত পুষ্টিবিদদের ভাষ্য, বাদামে শর্করা সামান্যই আছে। তাই বাদাম খেলে ওজন বাড়ে না, বরং কমে।