ডিজাইনিংয়ে নতুনের যাত্রা
প্রকাশ : ১২ মে ২০১৪, ১৯:৫৭
দিন দিন সবকিছুতে পেশাদারিত্বের ছোঁয়া লাগছে। পোশাকের নকশা কেমন হবে, কোন আবহাওয়া বা কোন সংস্কৃতিতে কী ধরনের পোশাক মানানসই হবে, কীভাবে পোশাকে বৈচিত্র্য আনা যায়, ব্যক্তিত্বের প্রকাশ ঘটানো যায়, এসব নিয়ে কাজ করার ক্ষেত্রটাও তাই পেশাদারিত্বের আওতায় এখন। ফ্যাশন ডিজাইন কেবল সৌখিন একটি বিষয় নয়; রীতিমতো সৃজনশীল একটি পেশা। রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের একঝাঁক তরুণ ডিজাইনারদের নতুন যাত্রা শুরু হলো এই পেশায়। রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে একঝাঁক তরুণ ডিজাইনারদের সমাবর্তন অনুষ্ঠিত হয়ে গেল গত ৬ মে সন্ধ্যায়। সেদিন ছিল রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের ৭ম সমাবর্তন। ৩৭ জন তরুণ ও উদিয়মান শিক্ষার্থী এদিন তাদের সমাবর্তনে অংশ নেন। সমাবর্তন শেষে তাদেরই ডিজাইন করা পোশাক নিয়ে একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের এই সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি সকল শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন। বর্তমান যুগ মেধা ও সৃজনশীলতায় শ্রেষ্ঠত্বের যুগ উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, ‘নতুন উদ্ভাবন, ফ্যাশন বৈচিত্র্য, দক্ষতা ও নিপুণতা, সস্তা শ্রমিক, বাজার তথ্যের সঠিক বিশ্লেষণ এবং সৃজনশীল উদ্যোগের ফলে এ শিল্প খাত খুব শিগগিরই বিশ্বের শীর্ষ স্থানে চলে আসবে। এ জন্য ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’ এ সময় মন্ত্রী নবীন উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনারদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি সমাবর্তন গ্রহণকারী সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানান। রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের চেয়ারপারসন গুলশান নাসরি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের সিইও সাবেক সচিব আলম শহীদ খান, এনবিআরের সদস্য সৈয়দ মো. আমিনুল করিম।