নিউইয়র্ক ফুটবল লিগে আইসাবের হার

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বাকডাইস ও আবদীন ব্রাদার্স ফুটবল লিগের তৃতীয় সপ্তাহের খেলায় গত রবিবার কানেকটিকাট ও যুবসংঘ জয়ী হয়। অন্যদিকে সোনার বাংলা ও নিউজার্সি পয়েন্ট ভাগাভাগি করে। খেলায় যুবসংঘের ফারহান হ্যাট্রিক করেন। এটি লিগের দ্বিতীয় হ্যাটট্রিক। আগেরটি মহিবুলের। এদিন কানেকটিকাটের কাছে আইসাবের পরাজয় ছিলো বড় অঘটন। কানেকটিকাট অঙ্গরাজ্যের স্ট্যামফোর্ড ইউনাইটেড ১-০ গোলে আইসাবকে পরাজিত করে। ৩১ মিনিটের সময় কানেকটিকাটের পক্ষে শওকত জয়সূচক গোলটি করেন। এদিকে সোনার বাংলা ও নিউজার্সির মধ্যকার খেলায় হট্টগোলের ফলে সোনার বাংলা’র উজ্জলকে পরবর্তী খেলার জন্য সাসপেন্ড করা হয়েছে। যুবসংঘ ৪-২ গোলের ব্যবধানে ব্রঙ্কস ইউনাইটেডকে পরাজিত করে। তৃতীয় খেলায় সোনার বাংলা ও নিউজার্সি ১-১ গোলে ড্র করে। ১৯ মিনিটে নাসিরের দেয়া গোলে নিউজার্সি ১-০ গোলে এগিয়ে যায়। খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে সোনার বাংলার রাহি খেলায় সমতা (১-১) ফিরিয়ে আনেন। ব্রঙ্কস স্টার ১-০ গোলে ব্রাদার্স এলায়েন্সকে পরাজিত করে। ১০ মিনিটের মাথায় ব্রাদার্সের পক্ষে অয়ন জয়সূচক গোলটি করেন।