বিশ্বকাপে জায়গা না পেয়েই কোলের অবসর

ইংল্যান্ড কোচ রয় হজসন জানিয়েছেন ব্রাজিল বিশ্বকাপের দলে অ্যাশলি কোলকে বিবেচনা করতে না পারাটা ছিল তার কঠিন সিদ্ধান্তগুলোর একটি। চেলসির লেফট ব্যাক কোল হজসনের বিশ্বকাপ দলে ঠাঁই না পেয়ে গত রবিবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন। জাতীয় দলের হয়ে ১০৭ ম্যাচ খেলা ৩৩ বছর বয়সী এই ইংলিশ ডিফেন্ডার নিজের টুইটারে আবেগতাড়িত হয়ে লেখেন, ‘আমার সাথে রয়ের টেলিফোনে কথা হয়েছে এবং তিনি জানিয়েছেন এবারের ইংল্যান্ড দলে তরুণদেরই প্রাধান্য দেয়া হবে। বিশ্বকাপকে সামনে রেখে আমরা অসাধারণ একজন কোচ ও দল পেয়েছি। আমি তাদের সর্বাত্মক সাফল্য কামনা করছি। আমি একজন সত্যিকারের সমর্থক হিসেবে তাদের সমর্থন করে যাব। সবকিছুর জন্য সবাইকে ধন্যবাদ।’ অভিজ্ঞ কোচ হজসন জানান, কোলকে না রাখার ব্যাপারটি ছিল কঠিন এক সিদ্ধান্ত। তবে তিনি একই সাথে খেলোয়াড়টির প্রতি যতটা সম্ভব সম্মান জানাতে দল ঘোষণার আগেই বিষয়টি তাকে অবহিত করেন। ইংল্যান্ড কোচ ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে খেলোয়াড়টিকে সম্মান জানাতে গিয়ে বলেন, ‘নিজের সেরা দিনে অ্যাশলি কোন প্রশ্ন ছাড়াই ছিল বিশ্বের সেরা লেফট ব্যাক।’ হজসন গতকাল সন্ধ্যায় ইংল্যান্ডের ২৩ সদস্যের দলটির খেলোয়াড়দের নাম ঘোষণা করেন। কোল এবারের মৌসুমে মূলত পারফরমেন্সের ঘাটতিতেই চেলসির মূল একাদশে নিয়মিত সুযোগ পাননি। তার জায়গায় ব্লুজদের হয়ে মাঠে নেমেছেন স্প্যানিশ সিজার আজপিলিকুয়েটা। এটাই তার ইংল্যান্ডের ক্যারিয়ার শেষ হয়ে যাবার পিছনে কাজ করেছে। তার বাদ পড়ায় একটি বিষয় অন্তত নিশ্চিত হয়েছে লেফট ব্যাকে এভারটনের লেইটন বেইনসের অন্তর্ভুক্তি। এছাড়া সাউদ্যাম্পটনের তরুণ লিউক শ’র ডাক পাওয়ারও ইঙ্গিত পাওয়া গেছে। কোল নিজেও বেইনস এবং শ’র প্রশংসা করে বলেছেন চলতি মৌসুমে দুজনই নিজেদের প্রমাণ করেছে এবং তারা দেশের ভবিষ্যত্। কোল রবিবার চেলসির হয়ে মৌসুমের শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন। কার্ডিফের বিপক্ষে ম্যাচটিতে চেলসি ২-১ গোলে জয়লাভ করে। এই হারের আগেই অবশ্য রেলিগেশন নিশ্চিত হয়ে গিয়েছিল কার্ডিফ সিটির। আলবেনিয়ার বিপক্ষে ২০০১ সালে আন্তর্জাতিক অভিষেক ঘটেছিল সাবেক আর্সেনাল ডিফেন্ডার কোলের। তারপর থেকেই তিনি নিয়মিত জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছেন। গত মার্চেই হজসন ইঙ্গিত দিয়েছিলেন ব্রাজিলের জন্য তার সম্ভাব্য দলে পারফরমেন্সকেই প্রাধান্য দেয়া হবে। তখন থেকেই কোলের অন্তর্ভুক্তি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। এখন ধারণা করা হচ্ছে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলা ১৮ বছর বয়সী শ ক্যারিয়ারের প্রথম বড় কোন টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন। দুই মাস আগে ডেনমার্কের বিপক্ষে প্রীতি ম্যাচে শ’য়ের অভিষেক হয় এবং তাতে বদলি হিসেবে খেলতে নেমে ৪৫ মিনিটেই হজসনের সুনজড়ে পড়েন তিনি। ওই ম্যাচের পরই হজসন বলেছিলেন যারাই আজ তার খেলা দেখেছে তারা কেউই তাকে জাতীয় দল থেকে বাদ দিতে পারবে না। সে যে পজিশনে খেলে সেখানে তাকে বিশ্বকাপের দলে জায়গা পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। আট বছর আগে আর্সেনাল থেকে চেলসিতে নাম লেখানো কোল গত সপ্তাহে নিজেদের মাঠে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচের পর কান্নায় ভেঙ্গে পড়েছিলেন। তখনই ক্লাবে তার ভবিষ্যত্ নিয়ে প্রশ্ন উঠেছিল। চেলসি ম্যানেজার হোসে মরিনহো যদিও তাকে স্ট্যামফোর্ড ব্রীজে রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু সূত্রমতে জানা গেছে, বেশ কিছু ইউরোপীয়ান ক্লাবসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি ক্লাব তাকে দলে নেবার আগ্রহ দেখিয়েছে। ব্রাজিলে ১২ জুন শুরু হতে যাওয়া এবারের বিশ্বকাপে ইংল্যান্ড প্রতিপক্ষ হিসেবে গ্রুপ পর্বে ইটালি, উরুগুয়ে এবং কোস্টারিকার মোকাবিলা করবে। —বাসস/সকারওয়ে