লিগের দু:খ লিসবনে ঘোচাতে চান অ্যানচেলোত্তি

সেল্টা ভিগোর মাঠে ২-০ গোলের পরাজয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের ক্ষীণ স্বপ্নটাও শেষ হয়ে গেলো রিয়াল মাদ্রিদের। আর রিয়ালের হয়ে নিজের প্রথম মৌসুমে লা লিগা শিরোপা জিততে না পারার এই দু:খ আগামী ২৪ তারিখে লিসবনে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই ভুলতে চান রিয়াল কোচ কার্লো অ্যানচেলোত্তি। সার্জিও রামোস আর মার্সেলোর হাস্যকর দুটি রক্ষণ ভুলই এই রাতে চরম সর্বনাশ করে রিয়ালের। দুটি সুযোগই কাজে লাগিয়ে হয়তো ক্যারিয়ারের সহজতম দুটি গোল পেয়ে যান সেল্টা ভিগোর স্ট্রাইকার চার্লস। ম্যাচের বাকি সময়ে এই গোল শোধ দিতে না পেরে এখন লিগের বাকিটা সময় দর্শকই হয়ে থাকতে হচ্ছে রিয়ালকে। ভ্যালেন্সিয়া, রিয়াল ভ্যালাদোলিদের বিরুদ্ধে পয়েন্ট খোয়ানোর পর এবার তুলনামূলক বিচারে দুর্বল সেল্টা ভিগোর বিরুদ্ধে হেরে দারুণ হতাশ অ্যানচেলোত্তি। তবে এই ইতালিয়ানের কণ্ঠে ঝরলো ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও, ‘এটা সত্যি যে গত তিন ম্যাচে আমাদের পারফরম্যান্স মোটেই ভালো ছিল না। সেমিফাইনালের (চ্যাম্পিয়ন্স লিগ) পর থেকেই আমরা গতি হারাতে শুরু করেছি এবং তার ফলও টের পাওয়া যাচ্ছে পুরোপুরিই। তবে এখন সময় কি করলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো সেটা ভেবে ফাইনালের জন্য খেলোয়াড়দের তৈরী হবার সুযোগ দেয়া।’ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্যই ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাননি জানিয়ে সাবেক এসি মিলান কোচ আরো বলেন, ‘বেল শতভাগ ফিট ছিল না। আর ক্রিশ্চিয়ানোকে নিয়ে আমি কোন ঝুঁকি নিতে চাইনি। সে মাত্রই চোট থেকে ফিরেছে। যদিও সে প্রায় সুস্থ। আশা করছি এসপানিওলের বিরুদ্ধে শেষ ম্যাচে সে মাঠে ফিরবে।’ ওয়েবসাইট।