গ্যাজেট : বিকন টি-মেকার
প্রকাশ : ১৩ মে ২০১৪, ২১:০৬
প্রযুক্তির আধুনিকায়নে বৈচিত্র্যময় সব ডিভাইসের সাথে আমাদের পরিচয় হচ্ছে প্রতিনিয়ত। দৈনন্দিন নানা কাজের প্রয়োজনে এসব গ্যাজেট আমাদের কাজের কষ্টকে অনেকটাই কমিয়ে দিচ্ছে। এর ধারাবাহিকতায় রান্নাঘরের জন্যও রয়েছে নানা ধরনের গ্যাজেট। এমনই একটি গ্যাজেট হলো বিকনের তৈরি টি-মেকার। ‘পারফেক্ট’ এক কাপ চা তৈরির জন্য বিকন তৈরি করেছে এই বিশেষ গ্যাজেটটি। বিকন মনে করে, কেবল গরম পানির মধ্যে একটি টি-ব্যাগ চুবিয়ে দিলেই চা তৈরি হয় না। চা তৈরি একটি শিল্প বলেই মনে করে তারা। আর সে কারণেই এই গ্যাজেটটি তৈরি করেছে তারা। এই গ্যাজেটে রয়েছে একটি ব্রিউয়িং চেম্বার যেখানে আলাদা করে রাখা থাকবে চা পাতা এবং পানি। এগুলো এই চেম্বারে রেখে চেম্বারটি বন্ধ করে দিলেই চেম্বারটি ভ্যাকুয়াম চেম্বারে পরিণত হবে। আর এরপর চা তৈরির জন্য এটি যে ব্রিউয়িং পদ্ধতি অবলম্বন করবে, তার নাম রিভার্স অ্যাটমোস্ফরিক ইনভিউশন। এই পদ্ধতিতে ভ্যাকুয়াম চেম্বরের ঋণাত্মক চাপ চা পাতাকে পানির স্তরের উপরিভাগে নিয়ে আসে এবং চা পাতার ফ্লেভারকে সঠিকভাবে পানিতে প্রবেশ করায়। এর মাধ্যমে ঘণ্টায় ৬০ কাপ ‘পারফেক্ট’ চা তৈরি করা যায়। মুশকিল হলো, এর গায়ে রয়েছে ১৩ হাজার ডলারের অবিশ্বাস্য প্রাইস ট্যাগ।